ম্যাপসে বিজ্ঞাপন চালু, গুগল থেকে ভিন্ন পথে হাঁটছে অ্যাপল
অ্যাপল তাদের আসন্ন ম্যাপস বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে, যেখানে গুগলের তুলনায় আরও বাছাই করা পদ্ধতির ইঙ্গিত মিলেছে। যদিও নির্দিষ্ট উদ্বোধনের তারিখ জানায়নি, তবে বলেছে যুক্তরাষ্ট্র ও কানাডায় এটি ‘এই গ্রীষ্মে’ চালু হবে।
১৪ জুলাই ২০২৬ থেকে কার্যকর ‘অ্যাপল অ্যাডভার্টাইজিং সার্ভিসেস’ নীতিমালায় ম্যাপসে বিজ্ঞাপনের নিয়ম নির্ধারণ করা হয়েছে। এতে প্লাম্বিং, ইলেকট্রিক, লকস্মিথ, এইচভিএসি, পেস্ট কন্ট্রোল, রুফিংসহ ‘হোম সার্ভিস’ খাতকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এ সিদ্ধান্ত অ্যাপলকে গুগল থেকে আলাদা করেছে, যেখানে লোকাল সার্ভিস বিজ্ঞাপন বড় খাত। অ্যাপল শুরুতে শুধু ভৌত উপস্থিতি থাকা ব্যবসাকে অগ্রাধিকার দেবে, যেখানে গ্রাহক সরাসরি যান। এ বিষয়ে প্রতিষ্ঠানটি মন্তব্য করেনি।
এই কৌশল বিজ্ঞাপনকে পেইড সার্চের বদলে স্বাভাবিক ম্যাপ লিস্টিংয়ের মতো করে তুলতে পারে। একই সঙ্গে কঠোর যাচাইয়ের ঝামেলাও কমাবে, কারণ হোম সার্ভিস খাতে অতিরিক্ত যাচাই, ফলো-আপ ও অডিট দরকার হয়।
অ্যাপ স্টোরের মতোই এখানে নিয়ন্ত্রিত পদ্ধতি রাখা হয়েছে। হোম সার্ভিস ছাড়াও ক্রিপ্টো এটিএম ও বেইল বন্ডস সেবাও নিষিদ্ধ। চিকিৎসাসেবা বিজ্ঞাপন পৃথকভাবে যাচাই করে অনুমোদন দেওয়া হবে।
বিস্তৃত নীতিমালায় বিভ্রান্তিকর, অশালীন, রাজনৈতিক, অস্ত্র, সহিংসতা, নিয়ন্ত্রিত পদার্থ ও মানহানিকর কনটেন্টের বিজ্ঞাপনও নিষিদ্ধ।
প্রাথমিকভাবে অ্যাপল ম্যাপসকে নেভিগেশন-কেন্দ্রিক ও নিয়ন্ত্রিত প্ল্যাটফর্ম হিসেবে রাখতে চায়, যা সার্চ বিজ্ঞাপন মডেল থেকে আলাদা।
ম্যাপস সার্চে একবারে একটি বিজ্ঞাপনই দেখানো হবে। পিনে নীল বৃত্ত থাকবে এবং তালিকায় সেটি বিজ্ঞাপন হিসেবে চিহ্নিত থাকবে।
ব্যবহারকারীর বিজ্ঞাপন-সংক্রান্ত ডেটা ডিভাইসেই থাকবে; অ্যাপল তা সংগ্রহ বা তৃতীয় পক্ষকে দেবে না।
সম্প্রতি টার্মস অব সার্ভিস আপডেট থেকে ধারণা মিলেছে, ভবিষ্যতে অ্যাপল তাদের বিজ্ঞাপন পরিষেবা নিজস্ব প্ল্যাটফর্মের বাইরেও বিস্তৃত করতে পারে, যদিও এ বিষয়ে নিশ্চিত কিছু জানায়নি।