সাইবার ঝুঁকি কমাতে ক্লাউড সেবাদাতাদের নিয়ন্ত্রণে আনছে যুক্তরাজ্য
যুক্তরাজ্য সরকার আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ক্লাউড সেবাকে সরাসরি নিয়ন্ত্রণের আওতায় আনছে। এ উদ্যোগের আওতায় মাইক্রোসফট, গুগল, অ্যামাজন ও ওরাকলকে ‘গুরুত্বপূর্ণ তৃতীয় পক্ষ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
লন্ডন থেকে প্রকাশিত এক ঘোষণায় বলা হয়, ব্যাংক, বীমা ও আর্থিক অবকাঠামো ক্রমেই ক্লাউড সেবার ওপর নির্ভরশীল হয়ে উঠছে। ফলে কোনো বড় ক্লাউড সরবরাহকারীর সেবা ব্যাহত হলে একসঙ্গে একাধিক প্রতিষ্ঠানের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে, যা গ্রাহকসেবায়ও প্রভাব ফেলতে পারে।

লন্ডন সরকার বলছে, ১৩ জুলাই থেকে মাইক্রোসফট আয়ারল্যান্ড অপারেশনস, গুগল ক্লাউড ইএমইএ, অ্যামাজন ওয়েব সার্ভিসেস ইএমইএ এবং ওরাকল করপোরেশন ইউকে-কে আনুষ্ঠানিকভাবে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
এ সিদ্ধান্তের ফলে প্রতিষ্ঠানগুলোকে সরাসরি তদারকি করবে ব্যাংক অব ইংল্যান্ড, প্রুডেনশিয়াল রেগুলেশন অথরিটি এবং ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি। তাদের নিয়মিত স্থিতিশীলতা পরীক্ষা, স্ব-মূল্যায়ন এবং বড় ধরনের কোনো প্রযুক্তিগত সমস্যা বা সাইবার ঘটনার প্রতিবেদন জমা দিতে হবে।
সরকারের মতে, এই পদক্ষেপ সাইবার হামলা বা প্রযুক্তিগত বিভ্রাট থেকে উদ্ভূত বড় ধরনের ঝুঁকি কমাতে সহায়ক হবে এবং আর্থিক খাতকে আরও শক্তিশালী করবে।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নও গত নভেম্বর একই ধরনের কাঠামোর আওতায় ১৯টি প্রযুক্তি ও সেবা প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছিল। তবে যুক্তরাজ্যের এই উদ্যোগ নিজস্ব কাঠামোয় পরিচালিত হচ্ছে।
এ বিষয়ে গুগল ক্লাউডের এক মুখপাত্র বলেন, ‘যথাযথ বাস্তবায়ন ও শিল্পখাতের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে এই নতুন কাঠামো যুক্তরাজ্যের আর্থিক ব্যবস্থার দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা বাড়াবে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে স্বচ্ছতা ও আস্থা বৃদ্ধি করবে।’
সূত্র : রয়টার্স