হার্ডওয়্যারের গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা
অ্যাপল অভিযোগ করেছে, তাদের সাবেক কর্মীরা ওপেনএআইয়ে যোগ দিয়ে প্রতিষ্ঠানের গোপন হার্ডওয়্যার তথ্য চুরি করেছে। এ অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে প্রযুক্তি জায়ান্টটি।
মামলায় অ্যাপল বলেছে, ওপেনএআইয়ে যোগ দেওয়া সাবেক অ্যাপল কর্মীদের মাধ্যমে “গোপন তথ্য চুরির একটি ধারাবাহিক প্যাটার্ন” তারা শনাক্ত করেছে। মামলায় ওপেনএআইয়ের পাশাপাশি জনি আইভের হার্ডওয়্যার স্টার্টআপ আইও প্রোডাক্টস এবং দুই কর্মী ট্যাং টান ও চ্যাং লিউর নাম উল্লেখ করা হয়েছে।
অ্যাপলের দাবি, চ্যাং লিউ কোম্পানি ছাড়ার পরও অ্যাপলের সিস্টেমে প্রবেশ করে সংবেদনশীল তথ্য ডাউনলোড করেন। এসব তথ্যের মধ্যে ছিল অপ্রকাশিত পণ্য, ইঞ্জিনিয়ারিং ডকুমেন্ট, প্রযুক্তিগত স্পেসিফিকেশন এবং গোপন প্রকল্প সংক্রান্ত ডেটা।
এ ছাড়া লিউ একজন সাবেক সহকর্মীকেও অ্যাপলের গোপন ফাইল কপি করার উপায় এবং নিরাপত্তা ব্যবস্থাকে এড়িয়ে চলার নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অ্যাপল এক বিবৃতিতে জানায়, তারা নতুন প্রযুক্তি উদ্ভাবনে কাজ করে এবং নিজেদের মেধাস্বত্ব রক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেয়। প্রতিষ্ঠানটি বলেছে, তাদের অপ্রকাশিত প্রযুক্তি ও প্রক্রিয়া সংক্রান্ত গোপন তথ্য বেআইনিভাবে নেওয়ার প্রমাণ পাওয়া গেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে ওপেনএআই অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির মুখপাত্র ড্রু পুসাতেরি বলেন, অন্য কোম্পানির গোপন তথ্যের প্রতি তাদের কোনো আগ্রহ নেই এবং তারা উদ্ভাবনী প্রযুক্তি উন্নয়নের দিকেই মনোযোগী।
এই মামলা প্রযুক্তি খাতে প্রতিযোগিতা ও মেধাস্বত্ব সুরক্ষার প্রশ্নকে আবারও সামনে নিয়ে এসেছে, বিশেষ করে যখন বড় প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ও হার্ডওয়্যার উন্নয়নে বিনিয়োগ বাড়াচ্ছে।