সমালোচনার চাপে ইনস্টাগ্রামের এআই সুবিধা তুলে নিয়েছে মেটা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ১১ জুলাই ২০২৬, ১৮:২৩

সমালোচনার চাপে ইনস্টাগ্রামের এআই সুবিধা তুলে নিয়েছে মেটা
ছবি : সংগৃহীত

সমালোচনা ও উদ্বেগের মুখে ইনস্টাগ্রামে চালু করা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি নতুন সুবিধা বন্ধ করে দিয়েছে মেটা। সম্প্রতি চালু হওয়া এই সুবিধার মাধ্যমে অন্য ব্যবহারকারীর উন্মুক্ত ছবিকে ব্যবহার করে নতুন ছবি তৈরি করা যাচ্ছিল। বিষয়টি নিয়ে শুরু থেকেই ব্যবহারকারীদের মধ্যে অস্বস্তি তৈরি হয়।

‘মিউজ ইমেজ’ নামে পরিচিত এই সুবিধাটি ছিল মেটার ছবি তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার অংশ। ইনস্টাগ্রামের যেকোনো উন্মুক্ত হিসাবের নাম ব্যবহার করেই সংশ্লিষ্ট ছবির ভিত্তিতে নতুন ছবি তৈরি করা যেত।

কিন্তু এতে বড় প্রশ্ন ওঠে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে। যাদের ছবি ব্যবহার করা হচ্ছিল, তাদের না জানিয়ে এবং অনুমতি ছাড়াই এই প্রক্রিয়া চলছিল, যা অনেকের কাছে অগ্রহণযোগ্য হয়ে ওঠে

শুধু সাধারণ ব্যবহারকারীই নন, শিল্পী ও প্রতিভা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোও এ নিয়ে আপত্তি জানায়। তাদের আশঙ্কা ছিল, প্রযুক্তিটি অপব্যবহারের ঝুঁকি তৈরি করবে। বিশেষ করে নারীদের ছবি বিকৃত করে ভুয়া কনটেন্ট তৈরির সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়ে।

পরিস্থিতির প্রেক্ষিতে মেটা তাদের অবস্থান পরিবর্তন করে। এক ব্লগ বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, সৃজনশীলতা বাড়ানোর লক্ষ্যেই সুবিধাটি আনা হয়েছিল। তবে ব্যবহারকারীদের প্রত্যাশা ও প্রতিক্রিয়া বিবেচনায় সেটি আর চালু রাখা হচ্ছে না।

মেটা স্বীকার করেছে, সুবিধাটি প্রত্যাশিত সাড়া পায়নি। তাই আপাতত এটি সরিয়ে নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভুয়া ছবি তৈরির প্রবণতা দ্রুত বাড়ছে। এ কারণে নতুন প্রযুক্তি চালুর আগে নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়গুলো আরও সতর্কভাবে বিবেচনা করা জরুরি।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন