কৌশলগত সময়ে আইফোন ১৮ প্রো বাজারে আনবে অ্যাপল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ১২ জুলাই ২০২৬, ১৪:৩৯

কৌশলগত সময়ে আইফোন ১৮ প্রো বাজারে আনবে অ্যাপল
ছবি : ফোর্বস

অ্যাপল তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ আইফোন ১৮ প্রো, আইফোন ১৮ প্রো ম্যাক্স ও আইফোন আল্ট্রা উন্মোচনের জন্য সেপ্টেম্বরকে বেছে নিয়েছে কৌশলগতভাবে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই সময় নির্বাচন অ্যাপলকে অ্যান্ড্রয়েড প্রতিদ্বন্দ্বী যেমন স্যামসাং ও গুগলের ওপর বাড়তি সুবিধা দেবে।

গ্রীষ্মকালেই স্যামসাংয়ের গ্যালাক্সি ও গুগলের পিক্সেল সিরিজ বাজারে এলেও অ্যাপল অপেক্ষা করে সেপ্টেম্বর পর্যন্ত। এতে প্রতিদ্বন্দ্বীদের পণ্য, দাম ও বাজার প্রতিক্রিয়া বিশ্লেষণ করার সুযোগ পায় কোম্পানিটি। নতুন সিইও জন টারনাসের নেতৃত্বে এই কৌশল আরও স্পষ্ট হয়েছে

অ্যাপলের দেরিতে বাজারে আসা অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপগুলোর বিক্রির সময়সীমা কমিয়ে দেয়। স্যামসাং সাধারণত ছয় সপ্তাহ এবং গুগল চার সপ্তাহের মতো সময় পায় পূর্ণমূল্যে বিক্রির জন্য, এরপরই আইফোন বাজারে এসে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে।

সেপ্টেম্বর ও অক্টোবর মাস মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের জন্য গুরুত্বপূর্ণ সময়, যখন তারা নতুন চুক্তি ও অফার নিয়ে আসে। এই সময় আইফোন বাজারে এলে ব্যাপক বিপণন কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে দ্রুত বাজার দখল করতে পারে।

অ্যাপলের আরেকটি বড় সুবিধা হচ্ছে তাদের অপারেটিং সিস্টেম। আইওএস ২৭ একযোগে সব আইফোনে চালু হয়, ফলে নতুন ও পুরোনো ব্যবহারকারীরা একই সঙ্গে আপডেট পান। অন্যদিকে অ্যান্ড্রয়েড ১৭ বিভিন্ন নির্মাতা ও অঞ্চলে ভিন্ন সময়ে পৌঁছায়, যা ব্যবহারকারীদের জন্য বিভ্রান্তি তৈরি করে।

আইওএস ২৭ দীর্ঘ সময় ধরে বেটা পরীক্ষার মধ্য দিয়ে যায়, যেখানে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া নিয়ে সেটি আরও স্থিতিশীল করা হয়। দেরিতে উন্মোচনের কারণে অ্যাপল এই পরীক্ষার সময় বাড়তি সুবিধা পায় এবং ব্যবহারকারীদের জন্য আরও পরিপক্ব অভিজ্ঞতা দিতে পারে।

মূল্য নির্ধারণেও অ্যাপল এই সময়কে কাজে লাগায়। মেমোরি ও স্টোরেজের খরচ বাড়ায় স্মার্টফোনের দাম সামগ্রিকভাবে বাড়ছে। স্যামসাং ও গুগল আগেই তাদের উচ্চমূল্যের ফোন বাজারে আনার ফলে গ্রাহকদের কাছে একটি নতুন মূল্যমান তৈরি হয়। এরপর অ্যাপল যখন আইফোন ১৮ প্রো উন্মোচন করে, তখন তুলনামূলক বেশি দামও সহজে গ্রহণযোগ্য হয়ে ওঠে।

এ ছাড়া বাজারের প্রবণতা বুঝে কৌশল বদলানোর সুযোগও পায় অ্যাপল। যদি ক্লাউডভিত্তিক এআই ফিচারের চাহিদা বাড়ে, তবে তারা সে দিকেই জোর দিতে পারে। আবার ব্যবহারকারীরা যদি গোপনীয়তাভিত্তিক সমাধান চান, তবে অ্যাপল তাদের নিজস্ব অন-ডিভাইস এআই কৌশলকে সামনে আনতে পারে।

সব মিলিয়ে, সেপ্টেম্বরের উন্মোচনকে দেরি নয়, বরং প্রতিদ্বন্দ্বীদের পদক্ষেপকে কাজে লাগানোর পরিকল্পিত কৌশল হিসেবেই দেখা হচ্ছে। গ্রীষ্মে স্যামসাং ও গুগল বাজার প্রস্তুত করে দেয়, আর বছরের শেষের ছুটির মৌসুমে অ্যাপল সেই বাজার দখলে নামে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন