কপিরাইট মামলায় তথ্য গোপন করেছে ওপেনএআই : নিউইয়র্ক টাইমস

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১৮:৫৩

কপিরাইট মামলায় তথ্য গোপন করেছে ওপেনএআই : নিউইয়র্ক টাইমস

নিউইয়র্ক টাইমস ও দ্য ডেইলি নিউজ অভিযোগ করেছে, কপিরাইট মামলায় নিজেদের প্রশিক্ষণ ডেটা ও চ্যাট লগ অনুসন্ধানের সক্ষমতা সম্পর্কে আদালতকে বিভ্রান্ত করেছে ওপেনএআই। তাদের দাবি, কপিরাইটযুক্ত কনটেন্ট শনাক্তের জন্য অভ্যন্তরীণভাবে অনুসন্ধান চালালেও বিষয়টি প্রকাশ করেনি এআই প্রতিষ্ঠানটি।

জেনারেটিভ এআই মডেল প্রশিক্ষণে নিউইয়র্ক টাইমসের সংবাদ ব্যবহার এবং চ্যাটজিপিটির উত্তরে সেই কনটেন্ট পুনরুৎপাদনের অভিযোগে প্রায় দুই বছর ধরে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা চলছে। বাদীপক্ষ জানতে চায়, তাদের লেখা ওপেনএআইয়ের প্রশিক্ষণ ডেটায় ছিল কি না এবং চ্যাটজিপিটি কতবার এসব কনটেন্ট ব্যবহার করেছে।

মামলার শুরু থেকেই ওপেনএআই দাবি করে আসছে, তাদের বিশাল প্রশিক্ষণ ডেটাসেট অনুসন্ধান করা সম্ভব নয় এবং বিপুল চ্যাট লগ বিশ্লেষণে ব্যবহারকারীর গোপনীয়তার ঝুঁকি রয়েছে।

তবে আদালতের নির্দেশে এপ্রিলে হওয়া এক জবানবন্দির বরাতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ওপেনএআই ইতোমধ্যে প্রশিক্ষণ ডেটায় কপিরাইটযুক্ত লেখা খুঁজতে অভ্যন্তরীণ অনুসন্ধান চালিয়েছে। প্রতিষ্ঠানটি প্রায় ৭ কোটি ৮০ লাখ গোপনীয়তা সুরক্ষিত চ্যাটজিপিটি কথোপকথনের ডেটাবেস তৈরি করেছিল বলেও দাবি করেছে বাদীপক্ষ।

এ ছাড়া ‘প্রজেক্ট জিরাফ’-এর অংশ হিসেবে ‘ব্লুম’ ফিল্টার ব্যবহার করা হয়েছিল, যা চ্যাটজিপিটির উত্তরে আগের কনটেন্ট পুনরায় ব্যবহারের ঘটনা শনাক্ত করত বলে অভিযোগ করা হয়েছে।

বাদীপক্ষের দাবি, এসব তথ্য আদালতের কাছে প্রকাশ করেনি ওপেনএআই। শুরুতে ১২ কোটি চ্যাট লগের নমুনা চাওয়া হলেও পরে তা কমিয়ে ২ কোটি করা হয়। তবে জমা দেওয়া নমুনায় অতিরিক্ত তথ্য বাদ দেওয়া হয়েছে, ফলে তা কার্যত ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে।

নিউইয়র্ক টাইমস আদালতের কাছে ওপেনএআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে। তারা ওই নমুনা বাতিল এবং মামলার প্রমাণ গোপনের জন্য আইনি খরচ বহনের নির্দেশ চেয়েছে।

অভিযোগ অস্বীকার করে ওপেনএআই বলেছে, নিউইয়র্ক টাইমস ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য পাওয়ার চেষ্টা করছে। প্রতিষ্ঠানটি ব্যবহারকারীর গোপনীয়তা ও ন্যায্য ব্যবহারের নীতির পক্ষে থাকার কথা জানিয়েছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন