এআই দিয়ে তৈরি বিজ্ঞাপন চিহ্নিত করবে গুগল
গুগল এখন থেকে ব্যবহারকারীদের জানাবে, তারা যে বিজ্ঞাপন দেখছেন সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বা সম্পাদনা করা হয়েছে কি না। বিজ্ঞাপনে স্বচ্ছতা বাড়াতে নতুন এই সুবিধা চালু করছে প্রযুক্তি জায়ান্টটি।
ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য এআই বিজ্ঞাপন তৈরি সহজ করেছে। এর মাধ্যমে কম খরচে পণ্যের ছবি তৈরি, বিভিন্ন পরিবেশে ব্র্যান্ডের পণ্য উপস্থাপনসহ নানা কাজ করা যাচ্ছে। তবে এআই দিয়ে তৈরি ছবি বা কনটেন্ট বাস্তব মনে হলে ব্যবহারকারীরা বিভ্রান্ত হতে পারেন।
যদিও গুগল বিভ্রান্তিকর ও প্রতারণামূলক বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে, তবে এআই ব্যবহার করে তৈরি কৃত্রিম বা পরিবর্তিত কনটেন্ট সম্পর্কে এতদিন শুধু নির্বাচনী বিজ্ঞাপনে তথ্য প্রকাশের নিয়ম ছিল।
নতুন সুবিধাটি গুগলের ‘মাই অ্যাড সেন্টার’ প্যানেলে যুক্ত করা হচ্ছে। বিশ্বের যেকোনো প্রান্তের ব্যবহারকারী গুগল সার্চ, ইউটিউব ও গুগল ডিসকভার-এ দেখা বিজ্ঞাপনের তিন ডট মেনু বা তথ্য আইকনে ক্লিক করে এই প্যানেলে প্রবেশ করতে পারবেন।
মাই অ্যাড সেন্টারে এর আগে বিজ্ঞাপন বন্ধ করা, প্রতিবেদন করা, বিজ্ঞাপনদাতা সম্পর্কে তথ্য জানা এবং কেন নির্দিষ্ট বিজ্ঞাপন দেখানো হচ্ছে তা জানার সুবিধা ছিল। এখন সেখানে ‘হাউ দিস অ্যাড ওয়াজ মেড’ নামে নতুন একটি অপশন যুক্ত হবে। এর মাধ্যমে জানা যাবে, বিজ্ঞাপনটি এআই দিয়ে তৈরি বা সম্পাদনা করা হয়েছে কি না।
গুগল জানিয়েছে, বিজ্ঞাপনদাতারা যদি গুগলের জেনারেটিভ এআই বিজ্ঞাপন তৈরির টুল ব্যবহার করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে এআই ব্যবহারের তথ্য যুক্ত হবে।
তবে অন্য কোনো মাধ্যমে তৈরি বিজ্ঞাপনের ক্ষেত্রে বিজ্ঞাপনদাতাকেই জানাতে হবে, সেটি তৈরিতে এআই ব্যবহার করা হয়েছে কি না। এ ক্ষেত্রে গুগল নিজে থেকে যাচাই করে সিদ্ধান্ত দেবে না। কিছু দেশে স্থানীয় আইন অনুযায়ী বিজ্ঞাপনে এআই ব্যবহারের আলাদা লেবেলও যুক্ত হতে পারে।