৬ হাজার কর্মী নিয়ে এআই বাস্তবায়নের প্রতিযোগিতায় নামছে মাইক্রোসফট
কৃত্রিম বুদ্ধিমত্তা বাস্তবায়নে গ্রাহকদের সহায়তা দিতে বড় পদক্ষেপ নিয়েছে মাইক্রোসফট। নতুন একটি ইউনিট গঠন করে এতে ২.৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে প্রায় ৬ হাজার কর্মীকে সরাসরি গ্রাহকদের সঙ্গে কাজ করার জন্য যুক্ত করা হচ্ছে।
‘মাইক্রোসফট ফ্রন্টিয়ার কো.’ নামে নতুন এই উদ্যোগে প্রকৌশলী, প্রযুক্তি পরামর্শক, সাপোর্ট কর্মী ও বিক্রয় প্রতিনিধিদের একত্র করা হয়েছে। তারা গ্রাহক প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে এআই প্রযুক্তি বাস্তবায়নে সহায়তা করবে।
প্রতিষ্ঠানটি জানায়,‘ফরওয়ার্ড ডিপ্লয়েড ইঞ্জিনিয়ারিং’ মডেলের মাধ্যমে কর্মীদের সরাসরি গ্রাহকের পরিবেশে যুক্ত করা হবে। এতে করে প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজন অনুযায়ী দ্রুত এআই সমাধান গ্রহণ ও বাস্তবায়ন করতে পারবে।
এই ঘোষণার দুই দিন আগেই প্রতিদ্বন্দ্বী অ্যামাজন একই ধরনের উদ্যোগে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা জানিয়েছে। এ ছাড়া ওপেনএআই ও অ্যানথ্রপিকও চলতি বছর এআই বাস্তবায়নভিত্তিক আলাদা দল গঠন করেছে, যারা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও পরামর্শক সংস্থার সঙ্গে কাজ করছে।
গত কয়েক বছরে মাইক্রোসফটসহ বড় প্রযুক্তি কোম্পানিগুলো জেনারেটিভ এআই চালাতে ডেটা সেন্টার নির্মাণে বিপুল বিনিয়োগ করেছে। পাশাপাশি বিভিন্ন এআই সেবা চালু করা হলেও সব ক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য আসেনি। উদাহরণ হিসেবে মাইক্রোসফট ৩৬৫ কপাইলট এখনো ব্যবসায়িক জগতে ব্যাপকভাবে বিস্তৃত হয়নি, আর গিটহাব কপাইলট নতুন প্রতিযোগীদের কাছে কিছু বাজার হারিয়েছে।
চলতি বছরে মাইক্রোসফটের শেয়ারদর প্রায় ২১ শতাংশ কমেছে, যা বড় প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে খারাপ পারফরম্যান্স। বিশ্লেষকদের মতে, দ্রুত কোড তৈরি করতে সক্ষম এআই মডেলগুলো পরিণত সফটওয়্যার কোম্পানিগুলোর জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
মাইক্রোসফটের কমার্শিয়াল ব্যবসার প্রধান জাডসন অলথফ বলেন,‘গ্রাহকেরা এখনো এআই নিয়ে ভিন্ন ভিন্ন পর্যায়ে রয়েছে এবং কীভাবে এটি কাজে লাগানো যায়, তা বোঝার চেষ্টা করছে। কোন মডেল ব্যবহার করা হবে, কীভাবে বিদ্যমান ব্যবসা প্রক্রিয়ায় এটি যুক্ত হবে, এসব প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে।’

তিনি আরও বলেন,‘‘গ্রাহকদের জন্য নিরাপদ ও কার্যকর ‘ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম’ তৈরি করতে ধাপে ধাপে পরিকল্পিতভাবে কাজ করাই সবচেয়ে সফল কৌশল। এতে প্রতিষ্ঠানের তথ্য সুরক্ষিত থাকে এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন এআই মডেল ব্যবহারের সুযোগ তৈরি হয়।’