সাবস্ক্রিপশন ফি কমিয়ে এআই বাজারে আক্রমণাত্মক গুগল
এআই সেবার বাজারে দামের প্রতিযোগিতা নতুন মাত্রা পেয়েছে। গুগল তাদের বাজেটভিত্তিক এআই সাবস্ক্রিপশন ‘এআই প্লাস’-এর মাসিক ফি কমিয়ে ৭.৯৯ ডলার থেকে ৪.৯৯ ডলারে নামিয়েছে। একই সঙ্গে ব্যবহারকারীদের জন্য স্টোরেজ সুবিধা দ্বিগুণ করে ২০০ গিগাবাইট থেকে ৪০০ গিগাবাইট করা হয়েছে, যা কম খরচে বেশি সুবিধা পাওয়ার সুযোগ তৈরি করছে।
চলতি বছরের জানুয়ারিতে চালু হওয়া এই প্ল্যানটি মূলত ব্যক্তিগত ব্যবহারকারী ও শিক্ষার্থীদের লক্ষ্য করে আনা হয়। তবে সাম্প্রতিক মূল্যছাড় থেকে বোঝা যাচ্ছে, বৃহত্তর ব্যবহারকারীভিত্তি দখলে এখন আরও আগ্রাসী কৌশল নিয়েছে গুগল। প্রতিষ্ঠানটির জেমিনি এআই সাবস্ক্রিপশনের পণ্যপ্রধান বিকাশ কানসাল জানিয়েছেন, নতুন স্টোরেজ সুবিধা ধাপে ধাপে সব ব্যবহারকারীর জন্য চালু করা হবে।
এআই প্লাস প্ল্যানে ভিডিও তৈরির টুল ‘অমনি ফ্ল্যাশ’, সৃজনশীল কাজের প্ল্যাটফর্ম ‘গুগল ফ্লো’ এবং গবেষণাসহায়ক ‘নোটবুকএলএম’-এর মতো সুবিধা রয়েছে। পাশাপাশি বেশি ব্যবহারের জন্য গুগল ‘এআই প্রো’ ও ‘এআই আল্ট্রা’ নামে উচ্চমূল্যের প্ল্যানও চালু রেখেছে।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ শুধু একটি পণ্যের মূল্যছাড় নয়, বরং পুরো এআই শিল্পের ভবিষ্যৎ প্রতিযোগিতার দিক নির্দেশ করে। গুডওয়াটার ক্যাপিটালের সহপ্রতিষ্ঠাতা চি-হুয়া চিয়েন মনে করেন, প্রযুক্তির বড় পরিবর্তনের প্রতিটি ধাপে অবকাঠামোভিত্তিক প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে পণ্যে পরিণত হয় এবং সময়ের সঙ্গে তাদের লাভের পরিমাণ কমতে থাকে। এআই খাতেও একই প্রবণতা দেখা যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এ ধরনের প্রতিযোগিতা আগে থেকেই উদীয়মান বাজারে শুরু হয়েছিল। গত বছর ভারতে ওপেনেএআই তুলনামূলক কম দামে ‘চ্যাটজিপিটি গো’ চালু করে। পরে গুগলও সেখানে কম মূল্যের এআই প্ল্যান আনে। এবার সেই কৌশল যুক্তরাষ্ট্রের বাজারেও প্রয়োগ করছে প্রতিষ্ঠানটি।
তবে প্রতিযোগিতায় এখনো তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটি এখনো কোনো বাজেট প্ল্যান বা অঞ্চলভিত্তিক মূল্য নির্ধারণ চালু করেনি। কিন্তু প্রতিদ্বন্দ্বীরা ধারাবাহিকভাবে দাম কমাতে থাকলে, এই অবস্থান ধরে রাখা তাদের জন্য কঠিন হয়ে উঠতে পারে।
এআই সেবার বাজারে এখন প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি দামের প্রতিযোগিতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কম খরচে বেশি সুবিধা দিয়ে ব্যবহারকারী আকর্ষণের দৌড়ে প্রযুক্তি জায়ান্টদের মধ্যে লড়াই আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।