এআই-নির্ভর ব্রাউজিংয়ের দিকে এগোচ্ছে মাইক্রোসফট এজ
ওয়েব ব্রাউজিংকে আরও বুদ্ধিমান ও ব্যক্তিগত করতে এআই-নির্ভর নতুন ফিচার যুক্ত করছে মাইক্রোসফট এজ। সর্বশেষ আপডেটে কোপাইলট এআই সহকারী ব্যবহারকারীর খোলা থাকা একাধিক ট্যাব থেকে তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করতে পারবে, যা ব্রাউজিং অভিজ্ঞতাকে এক নতুন পর্যায়ে নিয়ে যেতে পারে।
নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারীরা কোপাইলটকে সরাসরি জিজ্ঞাসা করে খোলা ট্যাবগুলোর তথ্য জানতে পারবেন। বিভিন্ন পণ্যের তুলনা, একাধিক আর্টিকেলের সারাংশ তৈরি কিংবা দ্রুত তথ্য বিশ্লেষণ এখন আরও সহজ হবে।
মাইক্রোসফট জানিয়েছে, আগের ‘কোপাইলট মোড’ বাদ দিয়ে এখন ‘ব্রাউজ উইথ কোপাইলট’ ফিচার চালু করা হয়েছে। এতে এআই সহকারী আরও কার্যকরভাবে ব্যবহারকারীর ব্রাউজিং অভিজ্ঞতার সঙ্গে যুক্ত থাকবে।
এছাড়া ‘স্টাডি অ্যান্ড লার্ন’ নামের নতুন ফিচার যুক্ত হয়েছে, যা যেকোনো লেখা বা আর্টিকেলকে শেখার উপযোগী কনটেন্টে রূপান্তর করতে পারবে। ব্যবহারকারীরা চাইলে তা থেকে ইন্টারঅ্যাকটিভ কুইজও তৈরি করতে পারবেন।
নতুন আপডেটে এআই পডকাস্ট তৈরির সুবিধাও যুক্ত হয়েছে। ব্যবহারকারীর খোলা থাকা ট্যাবগুলো বিশ্লেষণ করে এআই নিজেই অডিও কনটেন্ট তৈরি করতে পারবে, যা শেখা বা তথ্য গ্রহণের নতুন একটি মাধ্যম তৈরি করবে।
এছাড়া এজে যুক্ত হয়েছে এআই রাইটিং সহায়ক, যা ব্যবহারকারী কোনো ওয়েবসাইটে লেখা শুরু করলে স্বয়ংক্রিয়ভাবে সাহায্য করবে। একই সঙ্গে কপাইলট ব্যবহারকারীর ব্রাউজিং ইতিহাস ব্যবহার করে আরও প্রাসঙ্গিক উত্তর দিতে পারবে।
নতুন ‘লং-টার্ম মেমোরি’ ফিচারের মাধ্যমে কোপাইলট আগের কথোপকথন মনে রাখতে পারবে, ফলে ভবিষ্যতের উত্তর আরও ব্যক্তিগত হয়ে উঠবে।
এজের নতুন ট্যাব পেজেও পরিবর্তন আনা হয়েছে। সেখানে চ্যাট, সার্চ ও ব্রাউজিং সুবিধা একত্র করা হয়েছে। পাশাপাশি ‘জার্নিস’ ফিচার ব্যবহারকারীর ব্রাউজিং হিস্ট্রিকে বিভাগ অনুযায়ী সাজিয়ে পরে সহজে খুঁজে পাওয়ার সুযোগ দেবে।
মোবাইল সংস্করণেও যুক্ত হয়েছে নতুন সুবিধা, যেখানে ব্যবহারকারীরা স্ক্রিন শেয়ার করে সরাসরি কোপাইলটের সঙ্গে কথা বলতে পারবেন।
বিশ্লেষকদের মতে, এই আপডেটের মাধ্যমে মাইক্রোসফট এজকে শুধু একটি ব্রাউজার নয়, বরং পূর্ণাঙ্গ এআই সহকারী হিসেবে গড়ে তুলতে চাইছে।