এআই ও ফাইল শেয়ারিং সুবিধায় নতুন রূপে অ্যান্ড্রয়েড ১৭ উন্মুক্ত

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১৫:২০

এআই ও ফাইল শেয়ারিং সুবিধায় নতুন রূপে অ্যান্ড্রয়েড ১৭ উন্মুক্ত
ছবি : ইন্ডিয়ান এক্সপ্রেস

কৃত্রিম বুদ্ধিমত্তা, ফাইল শেয়ারিং এবং নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড ১৭ উন্মুক্ত করেছে গুগল। ‘অ্যান্ড্রয়েড শো ২০২৬’-এ এই আপডেট ঘোষণা করা হয়, যেখানে ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত, দ্রুত ও স্বয়ংক্রিয় করার ওপর জোর দেওয়া হয়েছে।

অ্যান্ড্রয়েডের নতুন এই সংস্করণে জেমিনি এআই আরও গভীরভাবে সংযুক্ত করা হয়েছে। এর অংশ হিসেবে ‘র‍্যাম্বলার’ নামের ডিকটেশন ফিচার এসেছে, যা কথাকে লেখায় রূপান্তর করার সময় অপ্রয়োজনীয় শব্দ বাদ দেওয়া, বাক্য ঠিক করা এবং বহু ভাষা বুঝে কাজ করতে সক্ষম।

এছাড়া ‘ক্রিয়েট মাই উইজেট’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী হোমস্ক্রিন উইজেট তৈরি করতে পারবেন। এআই এখন বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটে কাজ অটোমেশনেও সহায়তা করবে, যেমন কেনাকাটা পরিকল্পনা, ভ্রমণ আয়োজন বা অনলাইন ফর্ম পূরণ।

ডিজিটাল ব্যবহার নিয়ন্ত্রণে নতুন ‘পজ পয়েন্ট’ ফিচার যুক্ত হয়েছে। এতে নির্দিষ্ট অ্যাপ খুলতে চাইলে ১০ সেকেন্ডের একটি বিরতি দেখানো হবে, যেখানে ব্যবহারকারী চাইলে শ্বাস-প্রশ্বাস অনুশীলন বা বিকল্প অ্যাপ ব্যবহারের পরামর্শ পাবেন।

কনটেন্ট নির্মাতাদের জন্য ‘স্ক্রিন রিঅ্যাকশনস’ নামে নতুন ফিচার চালু হয়েছে, যার মাধ্যমে একই সঙ্গে স্ক্রিন ও ফ্রন্ট ক্যামেরা রেকর্ড করে রিঅ্যাকশন ভিডিও তৈরি করা যাবে। এটি প্রথমে পিক্সেল ডিভাইসে চালু হবে।

ফাইল শেয়ারিংয়ের ক্ষেত্রে অ্যাপলের এয়ারড্রপের মতো ‘কুইক শেয়ার’ ব্যবস্থা আরও উন্নত করা হয়েছে। এখন শাওমি, অনার, ওয়ানপ্লাস, ওপ্পো ও ভিভোসহ বিভিন্ন ব্র্যান্ডের ডিভাইসে এর সমর্থন থাকবে। পাশাপাশি কিউআর কোডের মাধ্যমে আইফোন ব্যবহারকারীরাও সহজে ফাইল গ্রহণ করতে পারবেন।

অ্যান্ড্রয়েড ১৭-এ প্রায় চার হাজার ইমোজি নতুন করে ডিজাইন করা হয়েছে, যা আরও আধুনিক ও ত্রিমাত্রিক রূপ পেয়েছে।

গুগল আরও জানিয়েছে, আইফোন থেকে অ্যান্ড্রয়েডে পরিবর্তন আরও সহজ করতে কনট্যাক্ট, মেসেজ, ফাইল, ই-সিম এবং হোমস্ক্রিন লেআউট পর্যন্ত স্থানান্তরের সুবিধা যুক্ত করা হচ্ছে।

নিরাপত্তা ব্যবস্থাতেও বড় আপগ্রেড এসেছে নতুন এই সংস্করণে। এতে উন্নত ম্যালওয়্যার শনাক্তকরণ, স্ক্যাম কল প্রতিরোধ, ক্রোমে অ্যাপ ফাইল স্ক্যানিং এবং চুরি প্রতিরোধ ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, অ্যান্ড্রয়েড ১৭ মূলত এআই-নির্ভর ব্যক্তিগতকরণ, উন্নত শেয়ারিং এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার একটি বড় ধাপ।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন