নতুন ৬ সুবিধা নিয়ে আইওএস ২৬.৫ উন্মুক্ত করেছে অ্যাপল
বহু পরীক্ষামূলক পর্যায়ের পর আইফোন ব্যবহারকারীদের জন্য আইওএস ২৬.৫ সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। নতুন এই আপডেটে একাধিক গুরুত্বপূর্ণ সুবিধা যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে উন্নত নিরাপত্তা, মানচিত্রে নতুন পরামর্শ ব্যবস্থা এবং অ্যাপ স্টোরে সাবস্ক্রিপশন গ্রহণের নতুন পদ্ধতি। একই সঙ্গে অ্যান্ড্রয়েডের সঙ্গে তথ্য আদান-প্রদান ও ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতাও আরও উন্নত করা হয়েছে। যদিও বহুল আলোচিত নতুন সিরি এখনো আসেনি, তবু এই আপডেটকে বড় পরিবর্তনের ধারাবাহিক অংশ হিসেবে দেখা হচ্ছে।
এন্ড টু এন্ড আরসিএস এনক্রিপশন
নতুন আপডেটে আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে বার্তা আদান-প্রদানে এন্ড টু এন্ড আরসিএস এনক্রিপশন যুক্ত করা হয়েছে। এর ফলে দুই প্ল্যাটফর্মের মধ্যে বার্তা আদান-প্রদান আরও নিরাপদ হবে এবং তথ্য বাইরে ফাঁস হওয়ার ঝুঁকি কমবে। একে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ আপগ্রেড হিসেবে দেখা হচ্ছে।

অ্যাপল মানচিত্রে ‘সাজেস্টেড প্লেসেস’
অ্যাপল মানচিত্রে যুক্ত হয়েছে ‘সাজেস্টেড প্লেসেস’ নামের নতুন সুবিধা। এটি ব্যবহারকারীর অবস্থান, আশপাশের পরিবেশ এবং আগের অনুসন্ধানের ভিত্তিতে বিভিন্ন স্থান সম্পর্কে পরামর্শ দেবে। এর মাধ্যমে মানচিত্র অ্যাপটি আরও ব্যবহারবান্ধব করার চেষ্টা করা হয়েছে।

অ্যাপ স্টোরে নতুন সাবস্ক্রিপশন পদ্ধতি
অ্যাপ স্টোরে সাবস্ক্রিপশন ব্যবস্থায় নতুন বিকল্প যুক্ত হয়েছে। এখন ডেভেলপাররা বার্ষিক সাবস্ক্রিপশনকে মাসিক কিস্তিতে পরিশোধের সুযোগ দিতে পারবেন। এতে ব্যবহারকারীরা একবারে বড় অঙ্ক না দিয়ে ধাপে ধাপে অর্থ পরিশোধ করতে পারবেন।

ম্যাজিক অ্যাকসেসরিজ সংযোগ আরও সহজ
ম্যাজিক কিবোর্ড, ম্যাজিক ট্র্যাকপ্যাড ও ম্যাজিক মাউস এখন আইফোন ও আইপ্যাডের সঙ্গে আরও সহজে সংযুক্ত করা যাবে। ইউএসবি সি সংযোগের মাধ্যমে একবার যুক্ত করলে তা স্বয়ংক্রিয়ভাবে বেতারভাবে চালু থাকবে।

নতুন ওয়ালপেপার ও ডিজাইন
আইওএস ২৬.৫-এ নতুন কাস্টমাইজড ওয়ালপেপার যুক্ত করা হয়েছে। বিশেষ করে প্রাইড কালেকশনের অংশ হিসেবে নতুন ডিজাইন ও রঙের সমন্বয় ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে, যা আরও ব্যক্তিগতকরণ সুবিধা দেবে।

আইফোন থেকে অ্যান্ড্রয়েডে উন্নত ডেটা ট্রান্সফার
নতুন আপডেটে আইফোন থেকে অ্যান্ড্রয়েডে তথ্য স্থানান্তর আরও সহজ করা হয়েছে। এখন নির্দিষ্ট সময়সীমার ভিত্তিতে মেসেজ অ্যাটাচমেন্ট স্থানান্তর করা যাবে, যেমন এক বছর, ৩০ দিন বা সম্পূর্ণ ডেটা বাছাই করে নেওয়ার সুযোগ।
ইউরোপীয় ইউনিয়ন ও ব্রাজিলের ব্যবহারকারীদের জন্য আলাদা কিছু নীতিগত পরিবর্তনও আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে তৃতীয় পক্ষের স্মার্টওয়াচে নোটিফিকেশন সুবিধা এবং অ্যাপ স্টোরের বাইরে থেকে অ্যাপ ডাউনলোডের মতো পরিবর্তনের প্রস্তুতি।
সূত্র : বিজিআর