অ্যান্ড্রয়েড শো ২০২৬

আজ রাতে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ও এআই আপডেট দেখাবে গুগল

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১৭:২২

আজ রাতে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ও এআই আপডেট দেখাবে গুগল
ছবি : ইন্ডিয়ান এক্সপ্রেস

নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলন আই/ওর আগে আজ ‘অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ আয়োজন করছে গুগল। এতে অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমজুড়ে বড় ধরনের আপডেট তুলে ধরা হবে। পাশাপাশি পরবর্তী অ্যান্ড্রয়েড সংস্করণ, নতুন এআই ফিচার এবং ডিজাইন পরিবর্তনের আভাস দেওয়া হবে।

অনুষ্ঠানটি আজ (১২ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় শুরু হবে। এটি ইউটিউব ও গুগলের অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হবে। গত বছরের মতো এবারও এটি প্রি-রেকর্ডেড উপস্থাপনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এবারের আয়োজন থেকে অ্যান্ড্রয়েড ১৭-এর প্রিভিউ দেখানো হতে পারে। নতুন এই সংস্করণে উন্নত মাল্টিটাস্কিং ইন্টারফেস এবং স্ক্রিন রেকর্ডিংয়ের নতুন সুবিধা যুক্ত হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি ওয়্যার ওএস ৬, অ্যান্ড্রয়েড এক্সআর এবং নতুন ‘অ্যালুমিনিয়াম ওএস’ নিয়েও তথ্য আসতে পারে।

গুগল তাদের জেমিনি এআইয়ের নতুন আপডেটও প্রকাশ করতে পারে। বিশেষ করে ডিভাইসেই আরও উন্নত এআই অভিজ্ঞতা দিতে জেমিনির নতুন সংস্করণ আনার ইঙ্গিত রয়েছে।

অনুষ্ঠানের আগে গুগল অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড আরসিএস মেসেজিং চালুর ঘোষণাও দিয়েছে। এর ফলে দুই প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের মধ্যে দীর্ঘদিনের মেসেজিং সীমাবদ্ধতা কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

গত বছরের অ্যান্ড্রয়েড শোতে গুগল নতুন ডিজাইন ভাষা ‘ম্যাটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ’ এবং জেমিনির বিভিন্ন ফিচার দেখিয়েছিল। পাশাপাশি অ্যান্ড্রয়েড টিভি ও গাড়িতে জেমিনি ব্যবহারের সুবিধাও ঘোষণা করা হয়।

এবারের অ্যান্ড্রয়েড শোতে গুগলের ভবিষ্যৎ সফটওয়্যার ও এআই কৌশলের দিকনির্দেশনা স্পষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন