অবশেষে নিরাপদ হচ্ছে অ্যান্ড্রয়েড-আইফোনের বার্তা বিনিময়
অবশেষে অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের বহুদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। দুই প্ল্যাটফর্মের মধ্যে পাঠানো বার্তায় যুক্ত হচ্ছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা। সোমবার থেকে এটি পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে।
শুরুতে কেবল সর্বশেষ সংস্করণের সফটওয়্যার ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন। ধাপে ধাপে আরও ব্যবহারকারীর কাছে পৌঁছাবে সেবা। এর ফলে ব্যক্তিগত যোগাযোগে বাড়বে নিরাপত্তা ও স্বস্তি। প্রযুক্তি দুনিয়ায় এটি গুরুত্বপূর্ণ এক অগ্রগতি হিসেবেই দেখা হচ্ছে।
এন্ড-টু-এন্ড এনক্রিপশন এমন একটি নিরাপত্তা ব্যবস্থা, যেখানে বার্তা পাঠানোর সময় থেকেই তা সুরক্ষিত থাকে। মাঝপথে অন্য কেউ সেই বার্তা পড়তে পারে না। হ্যাকার, সরকার কিংবা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানও বার্তার ভেতরের তথ্য দেখতে পারে না।
এত দিন অ্যান্ড্রয়েড ও আইফোনের মধ্যে পাঠানো বার্তায় এই সুরক্ষা ছিল না। অথচ ২০১১ সালে চালুর পর থেকেই আইমেসেজে এই সুবিধা রয়েছে। আবার ২০২১ সাল থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও নিজেদের মধ্যে এনক্রিপ্টেড বার্তা পাঠাতে পারছেন।
দুই প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের মধ্যে যোগাযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জটিলতা ছিল। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অ্যাপলের নিজস্ব আইমেসেজ ব্যবহার করতে পারেন না। অন্যদিকে অ্যাপলও বহু বছর ধরে আরসিএস সমর্থন দেয়নি।
এসএমএসের উন্নত সংস্করণ হিসেবে পরিচিত আরসিএস বার্তায় টাইপিং সূচক, বার্তা পড়ার নোটিফিকেশন, ইমোজি প্রতিক্রিয়া, বড় বার্তা পাঠানো এবং এনক্রিপশনের মতো সুবিধা যুক্ত হয়েছে। তবে নিয়ন্ত্রক সংস্থার চাপের মুখে ২০২৩ সালে এসে অ্যাপল শেষ পর্যন্ত এই প্রযুক্তি সমর্থন করে।
গুগল দীর্ঘদিন ধরেই অ্যাপলকে আরসিএস সমর্থনের আহ্বান জানিয়ে আসছিল। বিষয়টি এতটাই আলোচনায় ছিল যে ‘সবুজ বুদবুদ’ নামে একটি সামাজিক ধারণাও তৈরি হয়, যেখানে আইফোনে অ্যান্ড্রয়েড থেকে আসা বার্তা আলাদা রঙে দেখা যেত।
এর আগে আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সঙ্গে গ্রুপ চ্যাট করা ছিল ঝামেলাপূর্ণ। অনেক সময় গ্রুপ ভেঙে যেত বা ছবি ও ভিডিওর মান খারাপ হয়ে যেত। নতুন এই এনক্রিপশন সুবিধা সেই ব্যবধান আরও কমাবে বলে মনে করা হচ্ছে।
তবে সেবাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তাই সব ব্যবহারকারী একসঙ্গে এটি পাবেন না। গুগল ও অ্যাপল ডিভাইসের মধ্যে কোনো কথোপকথন এনক্রিপ্টেড হলে সেখানে একটি তালা চিহ্ন দেখা যাবে, যা বার্তা সুরক্ষিত থাকার ইঙ্গিত দেবে।