অটোকারেক্টের ত্রুটিতে বিরক্ত আইফোন ব্যবহারকারীরা
আইফোনে দ্রুত টাইপিং সহজ করতে যে অটোকারেক্ট সুবিধা যুক্ত করেছিল অ্যাপল, সেটিই এখন অনেক ব্যবহারকারীর জন্য বিরক্তির কারণ হয়ে উঠেছে। ব্যবহারকারীদের অভিযোগ, কি-বোর্ড অনেক সময় সঠিক শব্দ বদলে ভুল শব্দ লিখে দিচ্ছে। এতে বারবার লেখা ঠিক করতে গিয়ে ভোগান্তি ও অসন্তোষ বাড়ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এক ব্যবহারকারী জানান, দীর্ঘদিন আইফোন ব্যবহার করলেও এখন আগে কখনো এতবার শব্দ ঠিক করতে হয়নি। তাঁর পোস্টটি প্রায় ২০ লাখবার দেখা হয়েছে। মন্তব্যে আরও অনেকে একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কারও মতে, এখন টাইপ করা যেন কি-বোর্ডের সঙ্গে নিয়মিত লড়াইয়ের মতো হয়ে গেছে।
অ্যাপল সম্প্রতি আইওএস ২৬.৪ সংস্করণ প্রকাশ করে জানিয়েছিল, কি-বোর্ডের সমস্যা সমাধান করা হয়েছে। তবে ব্যবহারকারীদের অভিজ্ঞতা বলছে, বাস্তবে বড় কোনো পরিবর্তন আসেনি। আইফোনে মূলত অটোকারেক্ট ও প্রেডিক্টিভ টেক্সট নামের দুটি প্রযুক্তি ব্যবহার হয়। অটোকারেক্ট ভুল বানান নিজে থেকেই ঠিক করে, আর প্রেডিক্টিভ টেক্সট ব্যবহারকারীর লেখার ধরন বিশ্লেষণ করে সম্ভাব্য শব্দ বা বাক্য সাজেস্ট করে।

অনেক ব্যবহারকারীর অভিযোগ, আইওএস ২৬.২ সংস্করণের পর থেকেই সমস্যাগুলো বেশি দেখা দিতে শুরু করে। ওই আপডেটে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পূর্বাভাস ব্যবস্থা আরও বিস্তৃত করা হয়। এরপর থেকে ভুল শব্দ পরিবর্তন, অপ্রয়োজনীয় শব্দ যোগ হওয়া এবং টাইপিংয়ের নানা সমস্যা বেড়েছে বলে অভিযোগ উঠেছে। রেডিটেও এ নিয়ে বড় আকারে আলোচনা হয়েছে, যেখানে অসংখ্য ব্যবহারকারী নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেছেন।
পরিস্থিতি কিছুটা সামাল দিতে মার্চের শেষ দিকে আইওএস ২৬.৪ আপডেট আনে অ্যাপল। সেখানে বলা হয়, দ্রুত টাইপ করার সময় কি-বোর্ডের নির্ভুলতা বাড়ানো হয়েছে। কিন্তু ব্যবহারকারীদের একটি অংশের মতে, সমস্যার খুব বেশি উন্নতি হয়নি।
এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি অ্যাপল। তবে ব্যবহারকারীরা চাইলে কিছু সেটিং পরিবর্তন করে সমস্যা কিছুটা কমাতে পারেন। নির্দিষ্ট শব্দ ঠিক রাখতে টেক্সট রিপ্লেসমেন্ট ব্যবহার, কি-বোর্ড ডিকশনারি রিসেট করা কিংবা অটোকারেক্ট বন্ধ করার মতো উপায় রয়েছে।
আইফোনের অটোকারেক্ট এখন অনেক ব্যবহারকারীর কাছে সুবিধার বদলে বিরক্তির কারণ হয়ে উঠছে, আর এ নিয়ে অসন্তোষ ক্রমেই বাড়ছে।
সূত্র : ডেইলি মেইল