দৈনন্দিন জীবনের প্ল্যাটফর্ম হতে উবারের নতুন উদ্যোগ
শুধু গাড়ি ডাকার অ্যাপের গণ্ডি পেরিয়ে দৈনন্দিন জীবনের নানা সেবা এক জায়গায় আনতে চাইছে উবার। হোটেল বুকিং, কেনাকাটা ও রেস্তোরাঁ সেবা এক অ্যাপে যুক্ত করে ব্যবহারকারীর জীবনযাত্রার অংশ হয়ে ওঠার পরিকল্পনা করছে তারা।
সাম্প্রতিক উদ্যোগগুলো সেই লক্ষ্য আরও স্পষ্ট করেছে। প্রযুক্তি খাতে প্রতিযোগিতা বাড়ার মধ্যে ব্যবহারকারী ধরে রাখার কৌশল জোরদার করছে উবার।
সুপার অ্যাপ হওয়ার ধারণা উবারের নতুন নয়। তবে স্বচালিত গাড়ি প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়েমো সান ফ্রান্সিসকোতে যাত্রী পরিবহন শুরু করার পর বিষয়টি নতুন গুরুত্ব পায়। স্বচালিত যান খাতে ডেটা, বিনিয়োগ ও সেবা প্ল্যাটফর্ম হিসেবে অবস্থান শক্ত করার পাশাপাশি ব্যবহারকারীমুখী সেবা বাড়ানোও তাদের লক্ষ্য।

নিউইয়র্কে আয়োজিত ‘গো-গেট’ পণ্য উন্মোচনে উবার জানায়, এখন যুক্তরাষ্ট্রে অ্যাপের ভেতরেই হোটেল বুক করা যাবে। এ জন্য এক্সপিডিয়া গ্রুপের সঙ্গে অংশীদারত্ব করেছে তারা। এতে বিশ্বজুড়ে সাত লাখের বেশি আবাসনে বুকিং সুবিধা মিলবে।
এই কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘উবার ওয়ান’ সদস্যসেবা। মাসে ৯ দশমিক ৯৯ ডলারের এই সেবায় নির্দিষ্ট ১০ হাজার হোটেলে ২০ শতাংশ ছাড় এবং ১০ শতাংশ ক্রেডিট ফেরত পাওয়া যাবে। চলতি বছরের মধ্যেই ভিআরবিও যুক্ত হবে। রেস্তোরাঁ বুকিংয়ের জন্য আসছে ওপেনটেবল। এরই মধ্যে চালু হয়েছে ‘শপ ফর মি’।
উবারের লক্ষ্য, মাসে প্রায় ১৯ কোটি ৯০ লাখ ব্যবহারকারীকে এক অ্যাপেই ধরে রাখা।
কোম্পানির প্রযুক্তি প্রধান প্রভীন নেপ্পালি নাগা বলেন, শুধু সেবা যোগ করলেই হয় না, ব্যবহারকারীকে ধরে রাখার কারণ তৈরি করতে হয়। সেই কারণ হিসেবে গুরুত্ব পাচ্ছে উবার ওয়ান, যেখানে খাবার, নিত্যপণ্য ও হোটেল সেবা যুক্ত হচ্ছে।
তবে এখনো উড়োজাহাজ টিকিট বুকিং আসেনি। ভবিষ্যতে এটি যুক্ত হতে পারে। ইউরোপে আগে চেষ্টা করেও সফল হয়নি উবার। আর্থিক সেবার দিকেও নজর রয়েছে, মেক্সিকোতে ইতিমধ্যে চালকদের জন্য ডেবিট কার্ড চালু করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিযোগিতাও বাড়ছে। এয়ারবিএনবি পরিবহন খাতে নামার ঘোষণা দিয়েছে, আর ইলন মাস্কের এক্স প্ল্যাটফর্ম ‘সবকিছুর অ্যাপ’ বানানোর পথে এগোচ্ছে।
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, যুক্তরাষ্ট্রে এমন কতটি অ্যাপ টিকে থাকবে। উবারের বিশ্বাস, তাদের বড় শক্তি ব্যবহারকারীভিত্তি ও বিদ্যমান লেনদেন ব্যবস্থা, যা নতুন সেবা যোগ করাকে সহজ করে।
সাম্প্রতিক তথ্যে দেখা যায়, ‘উবার ইটস’ খাত দ্রুত বাড়ছে। প্রথম প্রান্তিকে এ খাতে আয় ৩৪ শতাংশ বেড়ে ৫০৭ কোটি ডলার। এটি এখন সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত।
তবু বিনিয়োগকারীদের আস্থা পুরোপুরি ফেরেনি। এক বছরে শেয়ারের দাম প্রায় ৮ শতাংশ কমেছে। তবে ‘উবার ওয়ান’ ব্যবহারকারী এখন ৫ কোটি, যারা মোট বুকিংয়ের বড় একটি অংশ ।