ভিডিও বানানো আরও সহজ করেছে গুগল, লিখেই করা যাবে অ্যাভাটার নিয়ন্ত্রণ

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ১৭:৪৮

ভিডিও বানানো আরও সহজ করেছে গুগল, লিখেই করা যাবে অ্যাভাটার নিয়ন্ত্রণ
ছবি : টেকক্রাঞ্চ

ভিডিও নির্মাণ এখন আর জটিল কোনো প্রক্রিয়া নয়, বরং হয়ে উঠছে সহজ আর কল্পনানির্ভর। কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতিতে বদলে যাচ্ছে কনটেন্ট তৈরির ধরন। এই পরিবর্তনের ধারায় নতুন মাত্রা যোগ করেছে গুগল। তাদের ভিডিও সম্পাদনা অ্যাপ ‘ভিডস’-এ যুক্ত হয়েছে এমন কিছু সুবিধা, যা ব্যবহারকারীদের সৃজনশীলতাকে আরও সহজভাবে প্রকাশের সুযোগ দেবে।

নতুন এই হালনাগাদে ব্যবহারকারীরা এখন স্বাভাবিক ভাষায় লিখেই অ্যাভাটারকে নির্দেশ দিতে পারবেন। ফলে কোনো দৃশ্যে অ্যাভাটার কীভাবে চলবে, কী করবে বা কোন কিছুর সঙ্গে কীভাবে মিশবে, তা নির্ধারণ করা যাবে খুব সহজে। পণ্য, উপকরণ বা বিভিন্ন সরঞ্জামের সঙ্গে অ্যাভাটারের মিথস্ক্রিয়াও হবে আরও প্রাণবন্ত। গুগল জানিয়েছে, দৃশ্য পরিবর্তন হলেও চরিত্রের ধারাবাহিকতা বজায় থাকবে।

ভিডিওর ভাবনার সঙ্গে মিল রেখে অ্যাভাটারের চেহারা, পোশাক ও পটভূমিও বদলে নেওয়া যাবে লিখিত নির্দেশনার মাধ্যমেই। এতে ব্যবহারকারীরা খুব সহজে নিজেদের মতো করে নতুন পরিবেশ তৈরি করতে পারবেন এবং ভিডিওতে আনতে পারবেন ভিন্নতা।

এর আগে ‘লিরিয়া ৩’ ও ‘লিরিয়া ৩ প্রো’ নামের সংগীত তৈরির মডেল যুক্ত করে ভিডিওতে শব্দপ্রভাব ও সংগীত যোগের সুযোগ দিয়েছিল গুগল। এবার যুক্ত হয়েছে ‘ভিও ৩.১’ ভিডিও তৈরির মডেল। এর মাধ্যমে সরাসরি অ্যাপের ভেতরেই আট সেকেন্ডের ভিডিও ক্লিপ তৈরি করা যাবে। সাধারণ ব্যবহারকারীরা প্রতি মাসে বিনা খরচে ১০টি ভিডিও তৈরি করতে পারবেন। আর উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধা ব্যবহারকারীরা মাসে সর্বোচ্চ ১ হাজারটি ভিডিও তৈরি করতে পারবেন।

ভিডিও তৈরি শেষে সরাসরি ‘ইউটিউব’-এ পাঠানোর সুবিধাও যোগ হয়েছে। এতে আলাদা করে ভিডিও নামিয়ে আবার আপলোড করার ঝামেলা থাকবে না। শুরুতে ভিডিওগুলো ব্যক্তিগত অবস্থায় থাকবে, ফলে প্রকাশের আগে তা যাচাই করার সুযোগ মিলবে।

একই সঙ্গে যুক্ত হয়েছে একটি নতুন পর্দা ধারণ সুবিধা, যা ব্রাউজারের মাধ্যমে স্ক্রিনসহ শব্দ বা ভিডিও ধারণ করতে পারবে। ফলে টিউটোরিয়াল কিংবা উপস্থাপনা তৈরি করা হবে আরও সহজ।

২০২৪ সালে প্রথম উন্মোচনের পর থেকেই ‘ভিডস’ অ্যাপটিকে ধারাবাহিকভাবে সমৃদ্ধ করছে গুগল। শুরুতে এটি করপোরেট কনটেন্ট তৈরির জন্য তৈরি হলেও পরে সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়। গত বছর এতে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অ্যাভাটার যুক্ত হয়। আর চলতি বছরের ফেব্রুয়ারিতে যোগ করা হয় দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক কার্টুনধর্মী অ্যাভাটার, সঙ্গে সাতটি নতুন ভাষায় ভয়েস সহায়তা।

ভিডিও নির্মাণের এই প্রতিযোগিতামূলক বাজারে ‘ভিডস’-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে সিনথেসিয়া, হেইজেন, ডি-আইডি এবং লেমন স্লাইস। নতুন সুবিধাগুলোর মাধ্যমে এই প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্ত করতে চায় গুগল।

সূত্র : টেকক্রাঞ্চ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন