ইউরোপে অ্যাপ স্টোরে অ্যাপলের নতুন নিয়ম

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ১৪:১৩

ইউরোপে অ্যাপ স্টোরে অ্যাপলের নতুন নিয়ম
ছবি: টেকক্রাঞ্চ

ইউরোপীয় ইউনিয়নে অ্যাপ স্টোরের ফি ও নিয়মে বড় পরিবর্তন এনেছে অ্যাপল। ইউরোপীয় কমিশনের সঙ্গে ব্যবসায়িক শর্ত নিয়ে বিরোধ মেটাতে নতুন কাঠামো চালু করেছে প্রতিষ্ঠানটি। এতে অ্যাপ স্টোরের বাইরে বা ওয়েবে বিতরণ করা অ্যাপের ডিজিটাল পণ্যে ৫ শতাংশ কমিশন দিতে হবে।

নতুন ব্যবস্থায় অ্যাপ ইনস্টলের জন্য নেওয়া ‘কোর টেকনোলজি ফি’ বাতিল করা হয়েছে। বিকল্প পেমেন্টে কমিশন ২০ শতাংশ করা হয়েছে। বিশেষ কিছু কর্মসূচির আওতায় থাকা ডেভেলপারদের জন্য এ হার হবে ১০ শতাংশ।

টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের নিজস্ব ইন-অ্যাপ কেনাকাটায় কমিশন ৩০ থেকে কমিয়ে ২৬ শতাংশ করা হয়েছে। তবে ছোট ব্যবসা, মিনি অ্যাপ ও ভিডিও অংশীদার কর্মসূচির মতো সুবিধার আওতায় থাকা এবং প্রথম বছরের পর স্বয়ংক্রিয় নবায়ন হওয়া সাবস্ক্রিপশনের ক্ষেত্রে ১৫ শতাংশ কমিশনই থাকবে।

ডেভেলপাররা অ্যাপলের ইন-অ্যাপ কেনাকাটা, বাইরের পেমেন্ট বা দুটির সমন্বয় বেছে নিতে পারবেন। তবে একবার পদ্ধতি বেছে নিলে ১২ মাস সেটিতেই থাকতে হবে।

নিরাপত্তার কারণে ‘কিডস’ শ্রেণির অ্যাপে বাইরের ওয়েবসাইটের লিংক ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে। ১৮ বছরের কম বয়সীদের অ্যাপ স্টোরের বাইরে কেনাকাটায় অভিভাবকের অনুমতি লাগবে

বিকল্প অ্যাপ স্টোর চালুর নিয়মও সহজ করেছে অ্যাপল। আগে আর্থিক সক্ষমতা প্রমাণের পাশাপাশি অন্তত দুই বছর অ্যাপলের ডেভেলপার কর্মসূচিতে থাকা এবং আগের বছরে ইউরোপে ১০ লাখের বেশি প্রথমবার ইনস্টল হওয়া অ্যাপ থাকার শর্ত ছিল।

নতুন নিয়মে এসব শর্ত পূরণের প্রমাণ দেওয়া বাধ্যতামূলক নয়। চাইলে এগুলো দেখানো যাবে। এর পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানি হওয়া, আর্থিক নিরীক্ষা এবং নির্দিষ্ট মানদণ্ডের ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগের মাধ্যমেও আর্থিক সক্ষমতা প্রমাণ করা যাবে।

ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল বাজার আইন না মানায় গত বছর অ্যাপলকে ৫০ কোটি ইউরো জরিমানা করেছিল ইউরোপীয় কমিশন। এরপর অ্যাপ স্টোরের ফি কাঠামো বদলালেও তা অতিরিক্ত জটিল হওয়ায় সমালোচনা হয়েছিল। নতুন পরিবর্তনকে সেই বিরোধ মেটানোর আরেকটি উদ্যোগ হিসেবে দেখছে অ্যাপল।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন