আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে বিনের নলেজ শেয়ারিং
আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ, প্রস্তুতি ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে নলেজ শেয়ারিং সেশনের আয়োজন করেছে বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন)। আজ ২৯ নভেম্বর ঢাকার গুলশানে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে এ সেশন অনুষ্ঠিত হয়। এতে ১৯টি দল থেকে ৩৫ জন প্রতিযোগী অংশ নেন।
বিনের সাধারণ সম্পাদক মুন এম রাজীবের উপস্থাপনায় সেশনটি পরিচালিত হয়। এতে অ্যাপিক্টা অ্যাওয়ার্ডসে অংশগ্রহণের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অর্জন ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বক্তারা।
সেশনে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কাজী কনসালট্যান্টসের প্রতিষ্ঠাতা, লিডারশিপ কোচ ও প্রশিক্ষক কাজী এম আহমেদ এবং সিনেসিস আইটি লিমিটেডের চিফ বিজনেস অফিসার (সিবিও) ও অ্যাপিক্টা অ্যাওয়ার্ডস ২০২৪-এর চ্যাম্পিয়ন দলের দলনেতা আবু সাঈদ মোহাম্মদ নুরুন নবী।
কাজী এম আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক প্রতিযোগিতায় আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের প্রকল্প উপস্থাপন করতে হবে। জটিল কারিগরি বিষয় সহজ ভাষায় তুলে ধরার পাশাপাশি গল্প বলার কৌশল, শারীরিক অভিব্যক্তি ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে বিচারকদের কাছে প্রকল্পের গুরুত্ব তুলে ধরতে হবে।’

আবু সাঈদ মোহাম্মদ নুরুন নবী বলেন, ‘আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো ফলের জন্য আত্মবিশ্বাস, সময় ব্যবস্থাপনা ও নিয়মিত অনুশীলন জরুরি। উপস্থাপনায় প্রকল্পের স্বাতন্ত্র্য, বাজার সম্ভাবনা ও সামাজিক প্রভাব তথ্য-উপাত্তসহ তুলে ধরতে হবে। পাশাপাশি বিচারকদের প্রশ্নের সংক্ষিপ্ত ও যুক্তিসংগত উত্তর দেওয়ার প্রস্তুতি রাখতে হবে।’

বিনের চেয়ারম্যান ও অ্যাপিক্টার নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আলমাস কবীর প্রতিযোগীদের বিচারকদের সঙ্গে তর্কে না জড়ানোর পরামর্শ দেন। তিনি বলেন, ‘প্রকল্পের সামাজিক প্রভাব উপস্থাপনায় বিশেষ গুরুত্ব দিতে হবে। প্রকল্পটি সমাজের কোন সমস্যা সমাধান করছে এবং মানুষের জীবনে কী ধরনের ইতিবাচক পরিবর্তন আনছে, তা বিচারকদের সামনে তুলে ধরা জরুরি।’

এ ছাড়া অ্যাপিক্টার কার্যক্রম ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণের অগ্রযাত্রা নিয়ে আলোচনা করেন বিনের নির্বাহী কমিটির সদস্য এবং অ্যাপিক্টা অ্যাওয়ার্ডস ২০২৬-এর বিচারক সৈয়দ আহসান হাবিব। এ বিষয়ে বক্তব্য দেন বিনের নির্বাহী কমিটির সদস্য ও অ্যাপিক্টা অ্যাওয়ার্ডস ২০২৫-২৬-এর বিচারক জয়া কবীরও।
সেশনের শেষাংশে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ ও প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলোচকদের প্রশ্ন করেন। আলোচকেরা তাদের প্রশ্নের উত্তর দেন।