দেশের ডিজিটাল সেন্টার পরিচালনায় আসছে সমন্বিত নীতিমালা
দেশের ডিজিটাল সেন্টারগুলোর পরিচালনায় অভিন্ন মান নিশ্চিত করতে শিগগিরই প্রকাশ করা হবে আদর্শ কার্যপদ্ধতি (এসওপি) ও সমন্বিত নীতিমালা। এর মাধ্যমে সেবার মান বৃদ্ধি, উদ্যোক্তাদের কর্মপরিবেশ উন্নয়ন এবং কেন্দ্রগুলোর আর্থিক স্থায়িত্ব নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিকদের বাড়ির দুই কিলোমিটারের মধ্যে সেবা পৌঁছে দিতে গ্রামীণ ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠার প্রস্তাবিত রূপরেখাও তুলে ধরা হয়েছে।
গতকাল (২৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জাতীয় কর্মশালা ও নীতিসংলাপে এসব তথ্য জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় কর্মশালাটির আয়োজন করে এসপায়ার টু ইনোভেট (এটুআই) ও ইউএনডিপি বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মী। সভাপতিত্ব করেন এটুআইয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিন। এ ছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব মো. মজিবর রহমান, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. আলমগীর হোসেন, এটুআইয়ের হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট সামস উল আরেফিন খান এবং ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।
কর্মশালায় দেশের আট বিভাগের ৬৪ জেলার নির্বাচিত ১০০টি ডিজিটাল সেন্টারের ওপর পরিচালিত বেসলাইন মূল্যায়নের ফল তুলে ধরা হয়। এতে দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ নাগরিক সর্বশেষ পাওয়া সেবায় অত্যন্ত সন্তুষ্ট। তবে ৬০ শতাংশ কেন্দ্রে আনুষ্ঠানিক সেবা পরিচালনা পদ্ধতি নেই এবং ৭৫ শতাংশ কেন্দ্রে হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য র্যাম্প নেই।
মূল্যায়নে আরও দেখা গেছে, মাত্র ৬ শতাংশ উদ্যোক্তা নিয়মিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেন। তবে প্রশিক্ষণ পেলে ৮৪ শতাংশ উদ্যোক্তা এ প্রযুক্তি ব্যবহারে আগ্রহী। অন্যদিকে, ৫৯ শতাংশ উদ্যোক্তার মাসিক আয় ২৫ হাজার টাকার বেশি।
মূল্যায়নের ভিত্তিতে কেন্দ্রগুলোর উন্নয়নে পাঁচটি অগ্রাধিকার সুপারিশ করা হয়েছে। এগুলো হলো প্রশাসনিক ব্যবস্থাপনা কার্যকর করা, সেবার অভিন্ন মান নিশ্চিত করা, উদ্যোক্তাদের দক্ষতা বাড়ানো, প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো গড়ে তোলা এবং টেকসই আয়ের সুযোগ সৃষ্টি।
এদিকে, উদ্যোক্তাদের সৃজনশীলতা ও অবদানের স্বীকৃতি দিতে ‘ডিজিটাল সেন্টার ২.০: স্টার ইনসেনটিভ’ কর্মসূচির আওতায় তিনটি বিভাগে ১৮ জন উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়।