প্রযুক্তির বাজারে নজরকাড়া অভিনব ৫ প্রযুক্তিপণ্য
চলতি নভেম্বর মাসে নকশা ও ব্যবহারিক বৈশিষ্ট্যের কারণে নজর কেড়েছে পাঁচটি প্রযুক্তিপণ্য। স্মার্টফোন, ক্যামেরা, সিডি প্লেয়ার থেকে শুরু করে স্পিকার ও অ্যালার্ম ঘড়ি, তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের পণ্য।
কানাডাভিত্তিক পণ্য নকশাবিষয়ক অনলাইন সাময়িকী ইয়াঙ্কো ডিজাইনের এক প্রতিবেদনে নভেম্বরের সেরা পাঁচ প্রযুক্তিপণ্য তুলে ধরা হয়েছে। তালিকাটি তৈরি করা হয়েছে পণ্যগুলোর নকশা ও বৈশিষ্ট্যের ভিত্তিতে।
১. অ্যাসার সসপিরো এ৭০ ফাইভজি স্মার্টফোন (Acer Sospiro A70 5G Smartphone)
স্মার্টফোনটির পেছনে রয়েছে ১.৮৮ ইঞ্চির একটি ডিসপ্লে, যা মূল ক্যামেরার পাশাপাশি অতিরিক্ত পর্দা হিসেবেও কাজ করে। এতে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং ২৫৬ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যায়। ফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং রেজল্যুশন ৭২০ × ১৬০০ পিক্সেল।

২. অ্যানালগ ক্যাপসুল ক্যামেরা (Analog Capsule Camera)
৩৫ মিলিমিটারের ফিল্ম ক্যানিস্টারের আদলে তৈরি এই ক্যামেরার ওজন মাত্র ২৫ গ্রাম। এতে রয়েছে ১ মেগাপিক্সেলের সেন্সর এবং ৮০ × ১৬০ পিক্সেলের ডিসপ্লে। ক্যামেরাটিতে সর্বোচ্চ ৩২ জিবির মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যায়। চার্জ ও তথ্য স্থানান্তরের জন্য রয়েছে ইউএসবি-সি সংযোগ। পণ্যটির দাম ৫৫ মার্কিন ডলার।

৩. সাইট্রেন আর৪০০ সিডি প্লেয়ার (Syitren R400 CD Player)
স্বচ্ছ খোলসের নকশার কারণে সিডি প্লেয়ারটি সহজেই নজর কাড়ে। এটি দাঁড় করিয়ে রাখার জন্য আলাদা স্ট্যান্ড রয়েছে। এতে বিল্ট-ইন স্পিকার না থাকলেও ব্লুটুথ ৫.৩ এবং ৩.৫ মিলিমিটারের অডিও সংযোগের সুবিধা রয়েছে। প্লেয়ারটি সিডি, সিডি-আর ও সিডি-আরডব্লিউ চালাতে পারে। এর দাম ৯৯.৯৯ মার্কিন ডলার।

৪. ব্যাটারিবিহীন আইস্পিকার (Battery-Free Amplifying iSpeakers)
জাপানে তৈরি এই পণ্যটি একই সঙ্গে ফোন রাখার স্ট্যান্ড ও শব্দবর্ধক যন্ত্র হিসেবে কাজ করে। দুরালুমিন দিয়ে তৈরি এর বিশেষ নকশা স্মার্টফোনের নিজস্ব স্পিকারের শব্দকে নির্দিষ্ট পথে পরিচালিত করে শব্দ আরও জোরালোভাবে ছড়িয়ে দেয়। এটি ব্যবহারে ব্যাটারি, বিদ্যুৎ সংযোগ কিংবা ব্লুটুথের প্রয়োজন হয় না। পণ্যটির প্রস্থ প্রায় সাড়ে চার ইঞ্চি। মূল মডেলের দাম ১৭৯ মার্কিন ডলার। এর সঙ্গে ব্যবহারের জন্য আলাদা সংযুক্তিও পাওয়া যায়।

৫. ডিভুম ফ্লোটু (Divoom FlowToo)
ডিভুমের এই পণ্যটি ব্লুটুথ স্পিকার, অ্যালার্ম ঘড়ি ও ঘুমের সহায়ক যন্ত্র হিসেবে কাজ করে। এতে রয়েছে ৯০টির বেশি প্রাকৃতিক পরিবেশ ও ঘুমের শব্দ। পণ্যটির ডিসপ্লের আকার ২.২৬ ইঞ্চি। ডায়াল ও জয়স্টিকের সাহায্যে এটি নিয়ন্ত্রণ করা যায়। অ্যালার্মের শব্দ ধীরে ধীরে বাড়ে এবং ডিসপ্লেতে আলো জ্বলে ওঠে। পণ্যটির দাম ৯৯ দশমিক ৯৯ মার্কিন ডলার।
