সাইবার হামলায় উবারের দেড় লাখ চালকের তথ্য চুরি
তৃতীয় পক্ষের প্রযুক্তিসেবাদাতা প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলায় উবারের প্রায় দেড় লাখ চালকের ব্যক্তিগত ও ড্রাইভিং লাইসেন্সের তথ্য চুরি হয়েছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের ১ লাখ ৪৯ হাজার ৩৪৬ জনকে অবহিত করছে উবার। চুরি হওয়া তথ্যের মধ্যে রয়েছে চালকদের নাম, ঠিকানা, জন্মতারিখ ও ড্রাইভিং লাইসেন্স নম্বর।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের ১৬ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, হামলার শিকার প্রতিষ্ঠানটি হলো ফায়ারওয়ার্কস এআই। ওপেন-ওয়েট এআই মডেল ব্যবহারের সুযোগ দেওয়া এই প্রতিষ্ঠান গত মাসে তাদের সিস্টেমে সাইবার হামলার কথা জানায়। এতে গ্রাহকদের বিলিং তথ্যসহ কিছু ব্যক্তিগত এআই ডেটাসেট চুরি হয়।
উবার জানিয়েছে, গত ৯ অক্টোবর ফায়ারওয়ার্কস তাদের সিস্টেমে অনুপ্রবেশ এবং অভ্যন্তরীণ প্রবেশসংক্রান্ত তথ্য চুরির বিষয়টি জানায়। পরে হ্যাকাররা ওই তথ্য ব্যবহার করে উবারের ডেটায় প্রবেশ করে। উবারের দাবি, ফায়ারওয়ার্কসের সিস্টেমে অননুমোদিত প্রবেশ শনাক্ত করার ব্যবস্থা চালু থাকলেও হ্যাকাররা প্রতিষ্ঠানটির নিজস্ব অভ্যন্তরীণ পরিচয়সংক্রান্ত তথ্য ব্যবহার করায় কোনো সতর্কবার্তা পাওয়া যায়নি।
টেকক্রাঞ্চকে দেওয়া বক্তব্যে উবারের এক মুখপাত্র বলেন, ফায়ারওয়ার্কসের নিরাপত্তা ঘটনার কারণে চালকদের তথ্য ঝুঁকিতে পড়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত প্রশ্নের উত্তর না দিয়ে তিনি ফায়ারওয়ার্কসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
ফায়ারওয়ার্কসের এক মুখপাত্রও তাদের কিছু সিস্টেমে অননুমোদিত প্রবেশের ঘটনা এবং গ্রাহকদের তথ্য ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হামলার বিস্তারিত বিষয়ে প্রশ্নের উত্তর দেননি তিনি।
ফায়ারওয়ার্কস জানিয়েছে, আর্থিক উদ্দেশ্যে পরিচালিত একটি সাইবার অপরাধী গোষ্ঠী এ হামলার সঙ্গে জড়িত। গোষ্ঠীটির লক্ষ্য ছিল বড় ভাষা মডেল ব্যবহারের টোকেন চুরি করে বিক্রি করা। তবে এখন পর্যন্ত কোনো পরিচিত সাইবার অপরাধী গোষ্ঠী এ তথ্য চুরির দায় স্বীকার করেনি।
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তরে জমা দেওয়া নোটিশে উবার জানিয়েছে, এ ঘটনায় মোট ১ লাখ ৪৯ হাজার ৩৪৬ জনের তথ্য চুরির বিষয়ে তাদের অবহিত করা হয়েছে। ক্যালিফোর্নিয়া, ইলিনয়, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড ও সাউথ ক্যারোলাইনাসহ কয়েকটি অঙ্গরাজ্যের চালকদেরও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।
এ বছর উবারের এটি দ্বিতীয় তথ্য চুরির ঘটনা। এর আগে আগস্টে প্রতিষ্ঠানটির পণ্য পরিবহন বিভাগ উবার ফ্রেইটের সিস্টেমে সাইবার হামলার খবর প্রকাশিত হয়।