সেলফ ড্রাইভ প্রযুক্তিতে বড় পরিবর্তনের ইঙ্গিত টেসলার
সেলফ ড্রাইভ গাড়ি প্রযুক্তিকে ঘিরে দীর্ঘদিনের উচ্চাশার মাঝে বড় ধরনের বাস্তবতার মুখোমুখি হলো টেসলা। প্রতিষ্ঠানটির প্রধান ইলন মাস্ক স্বীকার করেছেন, ভবিষ্যতের সম্পূর্ণ সেলফ ড্রাইভ ব্যবস্থা চালাতে বর্তমানের লাখো গাড়িতে গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার আপগ্রেড প্রয়োজন হবে। দীর্ঘদিন ধরে দেওয়া প্রতিশ্রুতির পর এই স্বীকারোক্তি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি টেসলার ত্রৈমাসিক আয় ঘোষণার সময় মাস্ক জানান, কোম্পানির তৃতীয় প্রজন্মের ড্রাইভার সহায়ক প্রযুক্তি অর্থাৎ হার্ডওয়্যার থ্রি ব্যবহার করা গাড়িগুলোতে নতুন কম্পিউটার ও ক্যামেরা বসাতে হবে। তার মতে, শুধু সার্ভিস সেন্টারের মাধ্যমে এই কাজ সম্পন্ন করা অত্যন্ত ধীর ও অকার্যকর হবে। তাই বড় শহরগুলোতে ছোট আকারের উৎপাদন ইউনিট গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে।
মাস্ক বলেন, ‘শুধু সার্ভিস সেন্টারে এই কাজ করা হলে তা খুব ধীর ও অকার্যকর হবে। তাই আমাদের বড় শহরগুলোতে একাধিক উৎপাদন লাইনের মতো ব্যবস্থা করতে হবে।’
এই হার্ডওয়্যার যুক্ত গাড়িগুলো মূলত ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাজারে আসে। সেই সময় গ্রাহকদের বলা হয়েছিল, ভবিষ্যতের সফটওয়্যার আপডেটের মাধ্যমেই গাড়িগুলো সম্পূর্ণ সেলফ ড্রাইভ সক্ষমতা অর্জন করবে। তবে এখন স্পষ্ট হয়েছে, সেই লক্ষ্য পূরণে বর্তমান হার্ডওয়্যার যথেষ্ট নয়।
চলতি বছরের শুরুতে ইলন মাস্ক প্রথমবারের মতো স্বীকার করেন, হার্ডওয়্যার থ্রি সম্পূর্ণ সেলফ ড্রাইভ ব্যবস্থার জন্য পর্যাপ্ত নয়। তখন তিনি জানান, যেসব গ্রাহক সম্পূর্ণ সেলফ ড্রাইভ সফটওয়্যার কিনেছেন, তাদের জন্য হার্ডওয়্যার আপগ্রেড প্রয়োজন হবে।
তিনি আরও বলেন, ‘এটি করা কঠিন ও কষ্টসাধ্য হবে, তবে আমরা তা সম্পন্ন করব।’
অন্যদিকে কোম্পানির অর্থ প্রধান ছয় মাস আগে ভিন্ন বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হার্ডওয়্যার থ্রি নিয়ে এখনো পুরোপুরি আশা ছাড়েনি টেসলা এবং কিছু উন্নত সংস্করণ আনার চেষ্টা চলবে।
বর্তমানে টেসলা পক্ষ থেকে বলা হচ্ছে, হার্ডওয়্যার থ্রি ব্যবহারকারী গাড়িগুলো সফটওয়্যারের কিছু উন্নত সংস্করণ পেতে থাকবে। তবে সম্পূর্ণ সেলফ ড্রাইভ প্রযুক্তি বাস্তবায়নের জন্য নতুন হার্ডওয়্যার ছাড়া কোনো বিকল্প নেই বলে স্পষ্ট করেছেন ইলন মাস্ক।
এই ঘোষণা টেসলার জন্য বড় ধরনের আইনি জটিলতা তৈরি করতে পারে। কারণ বহু গ্রাহক গাড়ি কেনার সময় এমন ধারণায় ছিলেন যে, ভবিষ্যতের সফটওয়্যার আপডেটেই তাদের গাড়ি সম্পূর্ণ সেলফ ড্রাইভ সক্ষমতা পাবে।
সূত্র : টেকক্রাঞ্চ