এএমডির প্রসেসর তৈরির নেপথ্যের কারিগর
এনভিডিয়ার তুলনায় কম দামে কাছাকাছি পারফরম্যান্সের প্রসেসর দেয় এএমডি। তবে কম দামের কারণ উৎপাদন খরচ কমানো নয়। প্রতি ডলারে বেশি পারফরম্যান্স দেওয়াই এএমডির কৌশল।
এএমডির প্রসেসরের চিপ তৈরি করে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা টিএসএমসি। বিশ্বের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর নির্মাতা টিএসএমসি তাইওয়ানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতেও চিপ তৈরি করে। এএমডি সেখানে কিছু এআই চিপ তৈরি করে, যা তাইওয়ানে তৈরি চিপের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি ব্যয়বহুল।
চিপ তৈরির পর সিলিকন ডাই সংযোজন, পরীক্ষা এবং প্রসেসর প্যাকেজিং করা হয়। এসব কাজের বড় অংশ মালয়েশিয়ার পেনাংয়ে টিএফ-এএমডি মাইক্রোইলেকট্রনিকস কারখানায় হয় বলে ধারণা করা হয়। কিছু প্রসেসর চীনেও সংযোজন ও প্যাকেজিং করা হয়।
টিএসএমসি আর যেসব প্রতিষ্ঠানের চিপ তৈরি করে
তাইওয়ানে চিপ তৈরি এএমডির খরচ কমানোর কৌশল নয়। টিএসএমসি এনভিডিয়ার জন্যও চিপ তৈরি করে। এএমডির মতো এনভিডিয়াও বিভিন্ন দেশে পণ্য সংযোজন করে।

এএমডি ও এনভিডিয়ার পাশাপাশি অ্যাপল এবং টেসলার জন্যও চিপ তৈরি করে টিএসএমসি। ৫জি স্মার্টফোন ও বিভিন্ন স্মার্ট ডিভাইসের চিপ তৈরিও প্রতিষ্ঠানটির বড় আয়ের উৎস। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম বিজিআর এর প্রতিবেদনে বলা হয়েছে, ঘরের প্রযুক্তিপণ্যে টিএসএমসির তাইওয়ান কারখানায় তৈরি কোনো না কোনো উপাদান থাকার সম্ভাবনা ৯৯ দশমিক ৯ শতাংশ।
বর্তমানে মেমোরি ও চিপের চাহিদা বেশি। তাই দাম বাড়ার আগে প্রসেসর কেনার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এআইয়ের প্রসারে টিএসএমসি ইতিমধ্যে বিপুল আয় করেছে। চিপ, প্রসেসর ও গ্রাফিকস প্রসেসর তৈরির নিয়ন্ত্রণ কয়েকটি প্রতিষ্ঠানের হাতে থাকায় ভবিষ্যতে দাম কখন এবং কতটা বাড়বে, তা নিশ্চিত নয়।