অ্যাপলের প্রধান নির্বাহী পদ ছাড়ছেন টিম কুক, দায়িত্ব নিচ্ছেন জন টার্নাস

Tech World Desk

টেক ওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১৬:৩৩

অ্যাপলের প্রধান নির্বাহী পদ ছাড়ছেন টিম কুক, দায়িত্ব নিচ্ছেন জন টার্নাস
ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলে বড় পরিবর্তনের ঘোষণা এসেছে। দীর্ঘ এক যুগের বেশি সময় নেতৃত্ব দেওয়ার পর প্রধান নির্বাহী পদ ছাড়ছেন টিম কুক। তার জায়গায় দায়িত্ব নিচ্ছেন জন টার্নাস। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নেতৃত্ব পরিবর্তন কার্যকর হবে।

অ্যাপল জানিয়েছে, নেতৃত্ব পরিবর্তনের পরও টিম কুক প্রতিষ্ঠানটির সঙ্গে থাকবেন নির্বাহী চেয়ারম্যান হিসেবে। একই সঙ্গে নতুন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেবেন জন টার্নাস। বোর্ডে যুক্ত হবেন তিনি। আর বর্তমান চেয়ারম্যান আর্থার লেভিনসন হবেন লিড ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর।

২০১১ সাল থেকে অ্যাপলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন টিম কুক। স্টিভ জবসের মৃত্যুর পর তিনি এই পদে আসেন। তার নেতৃত্বে অ্যাপল প্রযুক্তি দুনিয়ার অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে। কোম্পানিটির বাজারমূল্য এখন প্রায় চার ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। বার্ষিক আয়ও বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪১৬ বিলিয়ন ডলারে।

এক বিবৃতিতে টিম কুক বলেন, অ্যাপলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করা তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি জানান, তিনি সবসময় অ্যাপলকে ভালোবেসেছেন এবং একটি সৃজনশীল ও নিবেদিতপ্রাণ দলের সঙ্গে কাজ করতে পেরে গর্বিত।

জন টার্নাস দীর্ঘদিন ধরে অ্যাপলের সঙ্গে যুক্ত। তিনি ২০০১ সালে প্রতিষ্ঠানটিতে যোগ দেন। শুরুতে তিনি পণ্য নকশা দলে কাজ করেন। পরে হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। ২০১৩ সালে ভাইস প্রেসিডেন্ট এবং ২০২১ সালে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে উন্নীত হন তিনি।

অ্যাপলের বিভিন্ন জনপ্রিয় পণ্য যেমন আইপ্যাড, এয়ারপডস, আইফোন, ম্যাক এবং অ্যাপল ওয়াচের উন্নয়ন ও নকশায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। পাশাপাশি সাম্প্রতিক আইফোন সিরিজ এবং ম্যাক পণ্যের উন্নয়নেও তিনি নেতৃত্ব দিয়েছেন।

শুরুর দিকে ক্যারিয়ার জীবনে জন টার্নাস কাজ করেছেন ভার্চুয়াল রিসার্চ সিস্টেম নামের একটি প্রতিষ্ঠানে। পরে তিনি অ্যাপলে যোগ দেন। তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন।

অ্যাপলের একজন পরিচালক বলেন, জন টার্নাস প্রচারবিমুখ হলেও প্রযুক্তি ও পণ্য উন্নয়নে তার দক্ষতা অসাধারণ। তার অভিজ্ঞতা প্রতিষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বোর্ডের পক্ষ থেকে বলা হয়, টিম কুকের নেতৃত্ব ছিল অসাধারণ এবং তার নীতিবোধ অ্যাপলের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে। তারা আরও জানায়, টিম কুক নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন।

নতুন দায়িত্ব নিয়ে জন টার্নাস বলেন, এটি তার জীবনের বড় সম্মান। তিনি জানান, স্টিভ জবসের সঙ্গে কাজ করার সুযোগ এবং টিম কুককে মেন্টর হিসেবে পাওয়াকে তিনি সৌভাগ্য মনে করেন। তিনি অ্যাপলের মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি ধরে রাখার প্রতিশ্রুতি দেন।

বিশ্লেষকদের মতে, এই নেতৃত্ব পরিবর্তন অ্যাপলের জন্য গুরুত্বপূর্ণ সময়েই ঘটছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, হার্ডওয়্যার উদ্ভাবন এবং বৈশ্বিক প্রতিযোগিতার মধ্যে নতুন প্রধান নির্বাহীর সামনে বড় চ্যালেঞ্জ থাকবে। তবে অভ্যন্তরীণ অভিজ্ঞতা থাকায় প্রতিষ্ঠানটির ধারাবাহিকতা বজায় থাকবে বলেই ধারণা করা হচ্ছে।

সূত্র : টেকক্রাঞ্চ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন