ব্যবসা ও ক্যারিয়ার সুরক্ষায় চ্যাটজিপিটির ৫ নির্দেশনা

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ১৭:৩৪

ব্যবসা ও ক্যারিয়ার সুরক্ষায় চ্যাটজিপিটির ৫ নির্দেশনা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর ভবিষ্যতের বিষয় নয়। খুব অল্প সময়ের মধ্যেই এটি হয়ে উঠেছে মূলধারার প্রযুক্তি। যে কাজগুলো গত বছর পর্যন্ত জটিল মনে হতো, সেগুলো এখন কয়েক ক্লিকেই করা যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল না মিলালে ব্যবসা ও ক্যারিয়ার ঝুঁকিতে পড়তে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, ২০২৬ সালে টিকে থাকতে হলে এখনই প্রস্তুতি নিতে হবে। মানুষের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক, নিজস্ব দক্ষতা ও অভিজ্ঞতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই হবে সবচেয়ে বড় শক্তি। এই প্রস্তুতিতে সহায়তা করতে পারে চ্যাটজিপিটি।

একটি আন্তর্জাতিক সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসা ও ক্যারিয়ারকে এআইয়ের প্রভাব থেকে সুরক্ষিত রাখতে চ্যাটজিপিটির পাঁচটি কার্যকর প্রম্পট ব্যবহার করা যেতে পারে।

১. এআই অনুকরণ করতে পারবে না এমন ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি

বিশেষজ্ঞদের মতে, মুখহীন প্রতিষ্ঠান টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। মানুষ এখন জানতে চায়, ব্র্যান্ডের পেছনে কে আছে। পণ্য নয়, বিশ্বাসের সঙ্গে যুক্ত হতে চায় তারা। তাই ব্যবসার সঙ্গে যুক্ত কাউকে নিয়মিত অনলাইনে নিজের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরতে হবে।

এ ক্ষেত্রে চ্যাটজিপিটিকে বলা যেতে পারে, নিজের বিশ্বাস, মূল্যবোধ ও লক্ষ্যভিত্তিক শ্রোতাদের জন্য ৩০ দিনের কনটেন্ট পরিকল্পনা তৈরি করতে। এতে লিংকডইনের মতো প্ল্যাটফর্মে কোন বিষয়ে কী অবস্থান নেওয়া হবে, সেটিও স্পষ্ট করা সম্ভব।

২. টিমকে এআই ব্যবহারে দক্ষ করে তোলা

এআইয়ের চেয়ে দুর্বল কাজ করতে পারা কর্মী এখন আর কার্যকর নয়। তবে এর মানে মানুষকে বাদ দেওয়া নয়। বরং এআইকে কাজে লাগিয়ে টিমের সক্ষমতা বাড়ানোই লক্ষ্য।

চ্যাটজিপিটির মাধ্যমে একটি প্রশিক্ষণ কাঠামো তৈরি করা যায়, যেখানে টিমের সদস্যরা কোন এআই টুল ব্যবহার করবে, কোন কাজ স্বয়ংক্রিয় করবে এবং কোন দক্ষতা বাড়াবে তা নির্ধারিত থাকবে। চার সপ্তাহের একটি বাস্তবায়ন পরিকল্পনাও এতে যুক্ত করা সম্ভব।

৩. এআইয়ের বাইরে নিজের মানবিক মূল্য নির্ধারণ

কোচিং, পরামর্শ বা সেবামূলক পেশায় থাকা ব্যক্তিদের জন্য বড় প্রশ্ন হলো, বিনামূল্যের এআইয়ের বাইরে মানুষ কেন টাকা দেবে। এর উত্তর লুকিয়ে আছে ব্যক্তিগত অভিজ্ঞতা, বাস্তব সময়ের দায়বদ্ধতা এবং মানুষের আবেগ বোঝার ক্ষমতায়।

চ্যাটজিপিটির সহায়তায় নিজের সেবার এমন পাঁচটি আলাদা দিক চিহ্নিত করা যায়, যেগুলোর জন্য গ্রাহক বেশি মূল্য দিতে রাজি থাকেন। সেগুলো ওয়েবসাইট ও বিক্রয় আলোচনায় ব্যবহারযোগ্য ভাষায়ও সাজিয়ে নেওয়া সম্ভব।

৪. এআই নকল করতে পারবে না এমন সামাজিক প্রমাণ সংগ্রহ

এখন যে কেউ অল্প সময়েই একটি পণ্য বা সেবা তৈরি করতে পারে। পার্থক্য গড়ে দেয় বিশ্বাসযোগ্যতা। তাই সন্তুষ্ট গ্রাহকের অভিজ্ঞতা, ভিডিও মতামত, বার্তার স্ক্রিনশট খুবই গুরুত্বপূর্ণ।

চ্যাটজিপিটি দিয়ে গ্রাহকের কাছ থেকে মতামত সংগ্রহের একটি নিয়মিত পদ্ধতি তৈরি করা যায়। কোন প্রশ্ন করলে ভালো উত্তর পাওয়া যাবে, কোন ফরম্যাটে তা ব্যবহার করা হবে এবং কোথায় প্রকাশ করা হবে, সেটিও নির্ধারণ করা সম্ভব।

৫. দ্রুত পরীক্ষা ও কৌশল পরিবর্তনের সক্ষমতা

এআইয়ের কারণে নতুন সেবা চালু করা বা ওয়েবসাইট বদলানো এখন অনেক সহজ। ফলে যে প্রতিষ্ঠান দ্রুত পরীক্ষা করতে ও সিদ্ধান্ত নিতে পারে, তারাই এগিয়ে থাকবে।

চ্যাটজিপিটির মাধ্যমে মাসভিত্তিক একটি দ্রুত পরীক্ষা কাঠামো তৈরি করা যায়। এতে নতুন সুযোগ যাচাইয়ের জন্য একাধিক পরীক্ষা, পরিমাপের সূচক এবং কখন কৌশল বদলাতে হবে, তা স্পষ্টভাবে নির্ধারিত থাকে।

বিশেষজ্ঞদের মতে, এআইয়ের হুমকি বাস্তব এবং সময় খুবই কম। এখনই প্রস্তুতি নিলে আগামী দিনের নেতৃত্ব নিশ্চিত করা সম্ভব। যারা আজ পদক্ষেপ নেবে, তারাই আগামী দিনের বিজয়ী হবে।

সূত্র : ফোর্বস

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন