মাইন্ডফুলনেস ও মানসিক স্বাস্থ্য নিয়ে অনলাইন সেশন আয়োজন করেছে বিন
দ্রুতগতির এই সময়ে ব্যক্তিগত ও পেশাগত জীবনে চাপ, উদ্বেগ ও নানা মানসিক চ্যালেঞ্জ বাড়ছে। এসব পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বাড়াতে মাইন্ডফুলনেস ও মানসিক স্বাস্থ্য বিষয়ে একটি অনলাইন সেশন আয়োজন করেছে বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন), সহযোগিতায় ছিল ওয়েলনেস্ট।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত দেড় ঘণ্টার এই সেশনে অংশগ্রহণকারীদের মানসিক সুস্থতা উন্নয়নে বিভিন্ন ব্যবহারিক কৌশল শেখানো হয়। এতে আত্ম-সচেতনতা বৃদ্ধি, মানসিক চাপ নিয়ন্ত্রণ, আবেগের ভারসাম্য রক্ষা এবং দৈনন্দিন জীবনে ইতিবাচক মানসিকতা গড়ে তোলার উপায় তুলে ধরা হয়।
কর্মশালাটি পরিচালনা করেন ওয়েলনেস্ট-এর সহকারী ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তাসনিম ইসরাত মিমুসা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিন-এর সাধারণ সম্পাদক মুন এম. রাজীব। সেশনটি সঞ্চালনা করেন বিন-এর ব্যবস্থাপক তানজিন প্রীতি।
সঞ্চালক তানজিন প্রীতি এই যৌথ উদ্যোগের উদ্দেশ্য তুলে ধরে বলেন,‘বিন মূলত আইসিটি ও উদ্ভাবন খাতে তরুণদের নিয়ে কাজ করে। তবে বিন শুধুমাত্র আইসিটিতেই সীমাবদ্ধ নয়। আমরা বিশ্বাস করি, একজন সফল ব্যক্তি হতে হলে শুধু প্রযুক্তিগত দক্ষতা নয়, মানসিক সুস্থতার প্রতিও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।’
সেশনে মাইন্ডফুলনেসের মৌলিক ধারণা, ইন্দ্রিয়ভিত্তিক সচেতনতা অনুশীলন, শরীর শিথিলকরণে বডি স্ক্যান পদ্ধতি, চিন্তা নিয়ন্ত্রণের কৌশল, সচেতন শ্বাস-প্রশ্বাস এবং আবেগ নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গাইডেড ইমেজারি অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীদের মানসিক প্রশান্তি অর্জনের দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মশালায় বিন-এর অনেক সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং পুরো সেশন জুড়ে অনুশীলন ও আলোচনায় আন্তরিকভাবে সম্পৃক্ত ছিলেন।
আয়োজকরা জানান, এই সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা বর্তমান মুহূর্তে মনোযোগ বৃদ্ধি, চিন্তা ও আবেগ সম্পর্কে সচেতনতা এবং মানসিক চাপ মোকাবিলার কার্যকর কৌশল সম্পর্কে ধারণা পেয়েছেন।