ডিভাইসের খালি এইচডিএমআই পোর্টের ৫ চমকপ্রদ ব্যবহার
আপনার কম্পিউটার, ল্যাপটপ বা টিভিতে হয়তো একাধিক খালি এইচডিএমআই পোর্ট থাকে। এই খালি পোর্টগুলো শুধু অতিরিক্ত স্ক্রিন সংযোগের জন্য নয়, বরং অডিও, স্ট্রিমিং এবং লাইভ সম্প্রচারের সুবিধার জন্যও ব্যবহার করা যায়। সঠিক এইচডিএমআই কেবল ব্যবহার করলে আপনার ঘরোয়া বিনোদন ও কাজের সুবিধা আরও উন্নত হয়।
অতিরিক্ত ডিসপ্লে সংযোগ করুন
সবচেয়ে সহজ উপায় হলো খালি পোর্টে আরেকটি স্ক্রিন যুক্ত করা। উদাহরণস্বরূপ, ল্যাপটপে থাকা সিনেমা বড় স্ক্রিনে দেখতে চাইলে সহজেই স্মার্ট টিভিতে সংযোগ করা যায়। পিসির ক্ষেত্রে, দ্বিতীয় এইচডিএমআই কেবল ব্যবহার করে ডুয়াল-মনিটর সেটআপ করা সম্ভব। এতে একদিকে গেম খেলা যায়, অন্যদিকে চ্যাট বা কাজ চালিয়ে যেতে পারবেন। যদি পিসির গ্রাফিক্স কার্ডে কেবল একটাই এইচডিএমআই পোর্ট থাকে, তবুও ডিসপ্লে-পোর্ট থেকে এডাপ্টার ব্যবহার করে দ্বিতীয় স্ক্রিন সংযোগ করা যায়।

অডিও সিস্টেম আপগ্রেড করুন
এইচডিএমআই শুধু ভিডিও নয়, অডিওও একসাথে পাঠাতে পারে। টিভির খালি এইচডিএমআই আর্ক বা ই-আর্ক পোর্টে এক্সটারনাল স্পিকার বা সাউন্ডবার যুক্ত করলে বিনোদনের শব্দের মান অনেক বেড়ে যায়। ভিজিও ভি-সিরিজ ২.০-এর মতো সাউন্ডবার ব্যবহার করলে টিভির বিল্ট-ইন স্পিকারের তুলনায় স্বর ও ভলিউম উন্নত হয়।

ক্যাপচার কার্ড ব্যবহার করুন
লাইভস্ট্রিমিং বা গেমিং সম্প্রচারের জন্য ক্যাপচার কার্ড দরকার হয়। এলগাটো এইচডি৬০ এক্সের মতো ক্যাপচার কার্ডে গেম কনসোল যেমন সুইচ ২ বা প্লেস্টেশন ৫ সংযুক্ত করা যায়, এবং একই সঙ্গে পিসি বা টিভিতে গেম দেখানো সম্ভব। এতে আপনি গেম খেলতে খেলতে লাইভ সম্প্রচার চালাতে পারেন এবং ক্যামেরার মাধ্যমে আপনার প্রতিক্রিয়া দেখাতে পারেন।

স্ট্রিমিং স্টিক সংযোগ করুন
পুরনো ফ্ল্যাটস্ক্রিন টিভিতে যদি স্মার্ট ফিচার না থাকে, তখন খালি পোর্টে রোকু বা অ্যামাজন ফায়ার টিভি স্টিক ব্যবহার করে সিনেমা ও শো দেখা যায়। স্মার্ট টিভিতেও সব অ্যাপ পাওয়া যায় না, তাই অন্য প্ল্যাটফর্মের স্টিক সংযোগ করলে অতিরিক্ত অ্যাপ ব্যবহার করা যায়। তবে ৪কে-কম্প্যাটিবল পোর্টে স্টিক ব্যবহার করা উত্তম।

এইচডিএমআই সুইচ বা স্প্লিটার ব্যবহার করুন
যদি সব পোর্টই ব্যস্ত থাকে, তখন সুইচ বা স্প্লিটার ব্যবহার করে আরও ডিভাইস সংযোগ করা যায়। একটি পোর্টে সুইচ যুক্ত করলে দুইটি ডিভাইস সংযুক্ত করা সম্ভব, তবে একসময় একটাই ব্যবহার করা যায়। এটি পিসি বা টিভিতে দুটি গেম কনসোল বা দুটি মনিটর সহজে ব্যবহার করার সুবিধা দেয়।

এইভাবে খালি এইচডিএমআই পোর্টগুলো ব্যবহার করলে আপনার ঘরোয়া বিনোদন, গেমিং ও কাজের সুবিধা অনেক বেড়ে যাবে।
সূত্র : বিজিআর