কি-বোর্ডের ‘পজ ব্রেক’ বোতাম আসলে কী, কোথায় ব্যবহার হয়

Tech World Desk

টেক ওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ১৩:৪১

কি-বোর্ডের ‘পজ ব্রেক’ বোতাম আসলে কী, কোথায় ব্যবহার হয়
ছবি : বিজিআর

কি-বোর্ডে থাকা বিভিন্ন বোতামের কাজ আমরা প্রতিদিন ব্যবহার করলেও কিছু বোতাম রয়েছে যেগুলোর ব্যবহার অনেকের কাছেই অজানা। এর মধ্যে একটি হলো ‘পজ ব্রেক’ বোতাম।

এই বোতাম সাধারণত কি-বোর্ডের ডান দিকের ওপরের অংশে থাকে। কোথাও এটি “পজ”, কোথাও “পজ ব্রেক”, আবার কোথাও সংক্ষেপে “পিএসই” হিসেবে লেখা দেখা যায়।

এর ইতিহাস বেশ পুরোনো। উনিশ শতকের মাঝামাঝি সময়ে টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থায় “ব্রেক” নামে একটি ফাংশন ব্যবহার করা হতো। তখন এটি দিয়ে যোগাযোগের একপাশ সংকেত থামিয়ে অন্যপাশকে বার্তা দেওয়ার সুযোগ তৈরি করা হতো। সেই ধারণাই পরবর্তীতে কম্পিউটার কি-বোর্ডে যুক্ত হয়।

সময়ের সঙ্গে সঙ্গে এই বোতামের ব্যবহার অনেকটাই বদলে গেছে। আধুনিক সফটওয়্যারে ভিডিও বা অন্যান্য কনটেন্ট থামানোর জন্য সাধারণত স্পেসবার ব্যবহার করা হয়। ফলে সাধারণ ব্যবহারকারীদের কাছে এই বোতামের প্রয়োজনীয়তা অনেকটাই কমে গেছে

তবে এখনো কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে “উইন্ডোজ কী” এবং “পজ ব্রেক” একসঙ্গে চাপলে সিস্টেম সেটিংস বা সিস্টেম তথ্যের উইন্ডো খোলে। আবার “কন্ট্রোল” এবং “পজ ব্রেক” একসঙ্গে চাপলে কমান্ড প্রম্পট বা পাওয়ারশেলে চলমান কোনো কমান্ড থামানো যায়, বিশেষ করে লিগ্যাসি ইউটিলিটি বা স্ক্রিপ্টের ক্ষেত্রে।

এছাড়া কম্পিউটার চালুর সময় বুটিং স্ক্রিনে যে তথ্য দ্রুত স্ক্রল করে, কিছু কিছু সিস্টেমে সেই সময় ‘পজ ব্রেক’ বোতাম চাপলে স্ক্রল থেমে যায়। এতে তথ্য বা ত্রুটি বার্তা ভালোভাবে দেখা যায়।

তবে সব আধুনিক কি-বোর্ডে এই বোতাম থাকে না। অনেক কি-বোর্ডে জায়গার সীমাবদ্ধতা ও ডিজাইনের কারণে এটি বাদ দেওয়া হয়েছে বা অন্য ফাংশনের সঙ্গে যুক্ত করা হয়েছে।

সব মিলিয়ে বলা যায়, ‘পজ ব্রেক’ বোতাম এখন আর দৈনন্দিন ব্যবহারে খুব বেশি প্রয়োজন না হলেও কম্পিউটারের ইতিহাস ও নির্দিষ্ট কিছু কাজে এর গুরুত্ব এখনো রয়েছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন