আইফোনের রিমাইন্ডার অ্যাপে লুকানো ৫ সুবিধা
আইফোন, আইপ্যাড ও ম্যাকে থাকা রিমাইন্ডার অ্যাপটি এখন শুধু সাধারণ টাস্ক নোট করার জন্য নয়। এটি ব্যবহারকারীর দৈনন্দিন কাজ সহজ করার জন্য অনেক নতুন সুবিধা নিয়ে এসেছে। অনেকেই জানেন না, এই অ্যাপের সাহায্যে কাজ সাজানো, শেয়ার করা এবং সময়মতো সম্পন্ন করা অনেক সহজ হয়ে গেছে।
অ্যাপ না খুলেই নতুন রিমাইন্ডার তৈরি
নতুন রিমাইন্ডার তৈরি করার সবচেয়ে সহজ উপায় হলো অ্যাপ খোলা এবং নিচের কোণায় প্লাস চিহ্নে ট্যাপ করা। কিন্তু অ্যাপ ছাড়া সিরির মাধ্যমে ভয়েস কমান্ড দিয়েও রিমাইন্ডার তৈরি করা সম্ভব। এছাড়া কন্ট্রোল সেন্টারে শর্টকাট যোগ করলে একটিই ট্যাপেই নতুন রিমাইন্ডার তৈরি করা যায়। আইফোন ১৫ প্রো বা পরবর্তী মডেলে অ্যাকশন বাটন ব্যবহার করেও দ্রুত রিমাইন্ডার সেট করা সম্ভব।

নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে রিমাইন্ডার যুক্ত করা
আপনি চাইলে কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে রিমাইন্ডার যুক্ত করতে পারেন। মেসেজ অ্যাপে সেই ব্যক্তিকে নির্বাচন করলে চ্যাটের সময় রিমাইন্ডার নোট দেখা যাবে। ফোন অ্যাপ থেকেও নির্দিষ্ট কল বা মিসড কল স্মরণ করার জন্য রিমাইন্ডার তৈরি করা যায়। এটি বিশেষভাবে উপকারী যখন তথ্য বা কাজ নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে শেয়ার করতে চান।

অন্যান্য অ্যাপের সঙ্গে সংযোগ
রিমাইন্ডার মেল ও ক্যালেন্ডার অ্যাপের সঙ্গে যুক্ত। মেল অ্যাপ থেকে গুরুত্বপূর্ণ ইমেইল বা কথোপকথনের জন্য সরাসরি রিমাইন্ডার তৈরি করা যায়। ক্যালেন্ডার অ্যাপে রিমাইন্ডার দেখা যায় এবং নতুন রিমাইন্ডার যোগ করা যায়। এর মাধ্যমে কাজের সময়, তারিখ, জরুরি অবস্থা ও পুনরাবৃত্তি নির্ধারণ করা সম্ভব।

কাজগুলো সাজানো ও পরিচালনা
রিমাইন্ডার অ্যাপে লিস্ট ও গ্রুপ ব্যবহার করে কাজ সুশৃঙ্খলভাবে সাজানো যায়। টাস্ক অন্য লিস্টে সরানো, গুরুত্বপূর্ণ লিস্ট পিন করা, সাবটাস্ক যোগ করা এবং গ্রুপ তৈরি করা সবই সম্ভব। যেসব ডিভাইসে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা সমর্থিত, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজগুলোকে বিভাগে সাজাতে পারে।

লিস্ট শেয়ার ও সমন্বয়
রিমাইন্ডার লিস্ট শেয়ার করে পরিবার বা সহকর্মীর সঙ্গে কাজ ভাগ করা যায়। প্রতিটি টাস্ক নির্দিষ্ট ব্যক্তির জন্য নির্ধারণ করলে জটিল কাজও সহজে সম্পন্ন হয়। ম্যাক ব্যবহার করলে শেয়ার করা লিস্টগুলোর ভিজ্যুয়ালাইজেশন আরও সহজ হয়। গ্রুপ, সাবটাস্ক এবং শেয়ার করা লিস্টগুলো ব্যবহারে কাজের পুরো নিয়ন্ত্রণ থাকে।

রিমাইন্ডার এখন শুধু একটি সাধারণ নোট নয়, এটি দৈনন্দিন কাজের জন্য একটি স্মার্ট, সমন্বিত এবং কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
সূত্র : বিজিআর ডটকম