স্মার্ট টিভিতে লুকানো ট্র্যাকিং ফিচার বন্ধ করবেন যেভাবে
স্মার্ট টিভি এখন শুধু বিনোদনের মাধ্যম নয়, ব্যক্তিগত তথ্য সংগ্রহের বড় একটি উৎসও। টিভি চালু করলেই নীরবে সক্রিয় হয় এক ধরনের ট্র্যাকিং প্রযুক্তি, যা আপনার দেখা কনটেন্টের তথ্য সংগ্রহ করে। অনেক ব্যবহারকারী বিষয়টি জানেনই না।
এই প্রযুক্তির নাম অটোমেটিক কনটেন্ট রিকগনিশন বা এসিআর। এটি বন্ধ না করলে ব্যক্তিগত তথ্য বিজ্ঞাপনদাতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পৌঁছে যেতে পারে। কয়েকটি সেটিংস বদলালেই এই নজরদারি অনেকটাই বন্ধ করা সম্ভব।
বর্তমানে অধিকাংশ স্মার্ট টিভিতে এসিআর প্রযুক্তি রয়েছে। এটি টিভিতে দেখানো কনটেন্টের স্ক্রিনশট নিয়ে কেন্দ্রীয় ডেটাবেজে পাঠায়। কেবল টিভি, স্ট্রিমিং সেবা, গেমিং কনসোল সবকিছুই এর আওতায় পড়ে। এক গবেষণায় বলা হয়েছে, এই প্রযুক্তি প্রতি ঘণ্টায় প্রায় ৭ হাজার ২শ’ ছবি শনাক্ত করতে পারে। অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রায় দুটি করে ছবি সংগ্রহ হয়। এসব তথ্যের সঙ্গে যুক্ত হতে পারে ই-মেইল অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস এবং বাসার অবস্থান।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ই-মার্কেটারের তথ্যমতে, ২০২২ সালে স্মার্ট টিভি বিজ্ঞাপনে ব্যয় হয়েছে প্রায় ১৮ দশমিক ৬ বিলিয়ন ডলার। এই খাত দ্রুত বাড়ছে। ফলে ব্যবহারকারীর তথ্য এখন বড় বাণিজ্যে পরিণত হয়েছে।
গোপনীয়তা রক্ষায় এসিআর বন্ধ করা জরুরি। নিচে বিভিন্ন ব্র্যান্ডের টিভিতে সেটিংস পরিবর্তনের উপায় দেওয়া হলো-
স্যামসাং টিভি
- রিমোটের হোম বাটন চাপুন
- বাম পাশের মেনু থেকে প্রাইভেসি চয়েসেস নির্বাচন করুন
- টার্মস অ্যান্ড কন্ডিশনস, প্রাইভেসি পলিসি অপশনে যান
- ভিউইং ইনফরমেশন সার্ভিসের টিক চিহ্ন তুলে দিন
- ওকে নির্বাচন করে পরিবর্তন সংরক্ষণ করুন
এলজি টিভি
- হোম বাটন চাপ দিয়ে সেটিংসে যান
- জেনারেল অপশন নির্বাচন করুন
- সিস্টেম থেকে অ্যাডিশনাল সেটিংস খুলুন
- লাইভ প্লাস অপশন বন্ধ করুন
- অ্যাডিশনাল সেটিংসে অ্যাডভার্টাইজমেন্টে গিয়ে লিমিট অ্যাড ট্র্যাকিং চালু করুন
- হোম প্রমোশন ও কনটেন্ট রিকমেন্ডেশন অপশন বন্ধ রাখতে পারেন
সনি টিভি
- হোম বাটন চাপ দিয়ে সেটিংসে যান
- ইনিশিয়াল সেটআপে সাম্বা ইন্টারঅ্যাকটিভ টিভি অপশন বন্ধ করুন
- সেটিংসের অ্যাবাউট মেনুতে গিয়ে অ্যাড পারসোনালাইজেশন বন্ধ করুন
- অ্যাপস মেনুতে সাম্বা সার্ভিসেস ম্যানেজার নিষ্ক্রিয় করতে পারেন
হাইসেন্স টিভি
- সেটিংস থেকে সিস্টেমে যান
- প্রাইভেসি মেনু খুলুন
- স্মার্ট টিভি এক্সপেরিয়েন্স বা ভিউইং ইনফরমেশন অপশন বন্ধ করুন
- অ্যাড ট্র্যাকিং ও পারসোনালাইজড কনটেন্ট অপশন বন্ধ রাখুন
টিসিএল টিভি
- হোম বাটন চাপ দিয়ে সেটিংসে যান
- প্রাইভেসি মেনু নির্বাচন করুন
- স্মার্ট টিভি এক্সপেরিয়েন্সে ইউজ ইনফো ফ্রম টিভি ইনপুটস বন্ধ করুন
- অ্যাডভার্টাইজিং অপশনে লিমিট অ্যাড ট্র্যাকিং চালু করুন
- ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন বন্ধ রাখুন
এসব সেটিংস বন্ধ করলে কিছু স্মার্ট সুবিধা সীমিত হতে পারে। তবে ব্যক্তিগত তথ্য সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সফটওয়্যার আপডেটের পর আবার সেটিংস চালু হয়ে যেতে পারে, তাই নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন।
সচেতন ব্যবহারকারীর জন্য প্রযুক্তি নিরাপদ। নিজের তথ্য নিজের কাছে রাখতে এখনই স্মার্ট টিভির প্রাইভেসি সেটিংস দেখে নেওয়া জরুরি।
সূত্র : জেডি নেট ডটকম