ইউটিউবকে চ্যালেঞ্জ দিতে বিশ্ববাজারে বিলিবিলি

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ১২:৪৮

ইউটিউবকে চ্যালেঞ্জ দিতে বিশ্ববাজারে বিলিবিলি

বিশ্ববাজারে ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় নামতে আন্তর্জাতিক অ্যাপ নতুন করে চালু করেছে চীনের ভিডিও প্ল্যাটফর্ম বিলিবিলি। বৈশ্বিক পরিসর বাড়াতে ইংরেজি ভাষার ওয়েবসাইট চালুর কাজও করছে প্রতিষ্ঠানটি। এতে চীনের বাইরের নির্মাতা ও ব্যবহারকারীদের আকৃষ্ট করার পরিকল্পনা রয়েছে।

বিলিবিলি যুক্তরাষ্ট্র, জাপান, মেক্সিকো, তুরস্ক ও ব্রাজিলসহ গুরুত্বপূর্ণ বাজারে কর্মী নিয়োগ দিচ্ছে। আন্তর্জাতিক অ্যাপের নতুন সংস্করণে পাসপোর্ট বা পরিচয়পত্র দিয়ে পরিচয় যাচাইয়ের বাধ্যবাধকতাও তুলে নেওয়া হয়েছে। ফলে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা সহজে অ্যাকাউন্ট খুলতে পারবেন।

কনটেন্ট নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থা তৈরির কাজও করছে বিলিবিলি। পাশাপাশি জেন-জি ব্যবহারকারীদের আকৃষ্ট করতে আন্তর্জাতিক নির্মাতাদের জন্য স্পনসরড ব্র্যান্ড চুক্তির সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।

চীনের মূল প্ল্যাটফর্মে ইতিমধ্যে মিস্টার বিস্টের মতো পশ্চিমা নির্মাতাদের কনটেন্ট প্রকাশ করছে বিলিবিলি। প্রতিষ্ঠানটির চীনা ভাষার প্ল্যাটফর্মে বিশ্বজুড়ে মাসে ৩৭ কোটি ৬০ লাখ সক্রিয় ব্যবহারকারী রয়েছে।

তবে বিশ্ববাজারে সম্প্রসারণের সঙ্গে কনটেন্ট নিয়ন্ত্রণ ও তথ্য সুরক্ষা নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বিলিবিলি। একই সঙ্গে ইউটিউবের আধিপত্যেও প্রতিযোগিতার নতুন চাপ তৈরি হতে পারে।

সূত্র : দ্য নিউজ ডটকম

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন