অ্যান্ড্রয়েড ফোন হারালে যেভাবে অবস্থান শনাক্ত করবেন
অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে গেলে গুগলের ফাইন্ড হাব ব্যবহার করে সেটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা, শব্দ বাজানো কিংবা দূর থেকে লক করা যায়। এ জন্য অন্য অ্যান্ড্রয়েড ফোনের প্রয়োজন নেই। ল্যাপটপের ব্রাউজার কিংবা আইফোন থেকেও সেবাটি ব্যবহার করা সম্ভব।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের ফাইন্ড মাই ডিভাইস সেবার নতুন নাম ফাইন্ড হাব। গুগল অ্যাকাউন্টে সাইন ইন করে এ সেবার মাধ্যমে হারানো ফোনের অবস্থান দেখা যায়। আশপাশের অ্যান্ড্রয়েড ডিভাইসের নেটওয়ার্ক ব্লুটুথ সংকেত শনাক্ত করে ফোনের অবস্থান জানাতে পারে। গুগলের দাবি, অবস্থানের তথ্য এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকে।
ফোন হারানোর আগে যা করবেন
ফোন খুঁজে পেতে আগে থেকেই কয়েকটি সেটিংস চালু রাখা জরুরি। ফোনের লোকেশন ও ব্লুটুথ চালু রাখার পাশাপাশি ফাইন্ড হাবের সেটিংসে ‘অ্যালাউ ডিভাইস টু বি লোকেটেড’ অপশন চালু করতে হবে। অফলাইন ফাইন্ডিংয়ের জন্য ‘উইথ নেটওয়ার্ক ইন বিজি প্লেসেস অনলি’ অথবা ‘উইথ নেটওয়ার্ক এভরিহোয়্যার’ নির্বাচন করা যায়। ফোনে পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ডও সেট করতে হবে।
মানচিত্রে ফোনের অবস্থান দেখবেন যেভাবে
অন্য অ্যান্ড্রয়েড ফোনে ফাইন্ড হাব অ্যাপ খুলে অথবা যেকোনো ব্রাউজার থেকে সেবাটির ওয়েবসাইটে প্রবেশ করে একই গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। এরপর ডিভাইসের তালিকা থেকে হারানো ফোনটি নির্বাচন করলে মানচিত্রে তার সর্বশেষ জানা অবস্থান দেখা যাবে। গুগল ম্যাপসের মাধ্যমে সেখানে যাওয়ার দিকনির্দেশনাও পাওয়া যাবে।

ফোনটি কাছাকাছি থাকলে ‘প্লে সাউন্ড’ অপশনে চাপ দিয়ে পাঁচ মিনিট ধরে সর্বোচ্চ শব্দে রিং বাজানো যায়। সাইলেন্ট মোডেও এ সুবিধা কাজ করে। কাছাকাছি অবস্থান শনাক্ত করতে ‘ফাইন্ড নিয়ারবাই’ সুবিধাও ব্যবহার করা যায়।
চুরি হলে ফোন লক করবেন যেভাবে
ফোন চুরি হলে ‘মার্ক অ্যাজ লস্ট’ অপশনের মাধ্যমে সেটি লক করে লক স্ক্রিনে যোগাযোগের নম্বর দেখানো যায়। গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কাছে না থাকলে ফোন নম্বর ব্যবহার করে ‘রিমোট লক’ সুবিধায় স্ক্রিন লক করার সুযোগও রয়েছে।
ফোন ফেরত পাওয়ার আশা না থাকলে শেষ উপায় হিসেবে ‘ফ্যাক্টরি রিসেট’ করা যায়। এতে ফোনের সব তথ্য স্থায়ীভাবে মুছে যাবে। তবে রিসেট করার পর ফাইন্ড হাবের মাধ্যমে ফোনটির অবস্থান শনাক্ত করা যাবে না।