এআই নিরাপত্তা তদন্তে এবার স্পেসএক্সের জবাব চেয়েছে নিউইয়র্ক
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নিরাপত্তাঝুঁকি নিয়ে তদন্তের অংশ হিসেবে নিউইয়র্ক সিটি কাউন্সিলে সাক্ষ্য দিতে রাজি হয়েছে স্পেসএক্স। গত সপ্তাহে শুনানিতে অনুপস্থিত থাকায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক বা তার কোনো প্রতিনিধিকে সমন পাঠিয়েছিল কাউন্সিল। বিচারকের মাধ্যমে সমন কার্যকরের উদ্যোগ নেওয়ার কথা জানানোর পর সাক্ষ্য দিতে সম্মত হয় প্রতিষ্ঠানটি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় কাউন্সিলের প্রযুক্তিবিষয়ক কমিটির সামনে শুনানি হবে। গত ৫ অক্টোবরের শুনানিতে অ্যানথ্রপিক, ওপেনএআই, গুগল ও মেটার প্রতিনিধিরা সাক্ষ্য দিলেও স্পেসএক্সের কেউ হাজির হননি।
ইলন মাস্কের এআই প্রতিষ্ঠান এক্সএআইকে গত ফেব্রুয়ারিতে স্পেসএক্সের সঙ্গে একীভূত করা হয়। এর ফলে গ্রক এআই মডেলগুলো স্পেসএক্সের অধীনে আসে। উন্নত এআইয়ের ঝুঁকি নিয়ে বিতর্কের পর কাউন্সিল তদন্ত শুরু করে। এআইয়ের কারণে জননিরাপত্তা, সাইবার নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও ব্যক্তিগত গোপনীয়তার ঝুঁকি তৈরি হচ্ছে কি না, তা যাচাই করছে তারা।
এদিকে, গ্রকের ছবি তৈরির সুবিধা ব্যবহার করে বাস্তব মানুষের ছবি দিয়ে সম্মতিবিহীন যৌন ডিপফেক তৈরি ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্পেসএক্সের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে সিএনবিসি যোগাযোগ করলেও প্রতিষ্ঠানটি সাড়া দেয়নি।