ওয়েব সংস্করণে কল সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ
কম্পিউটারে আলাদা অ্যাপ ব্যবহার না করেই এখন সরাসরি ব্রাউজারের হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে অডিও ও ভিডিও, দুই ধরনের কল করা যাবে। মেটার জনপ্রিয় বার্তা আদান-প্রদানের এই প্ল্যাটফর্মটি নতুন এই সুবিধা চালু করেছে, যা ব্যবহারকারীদের জন্য যোগাযোগকে আরও সহজ ও ঝামেলামুক্ত করবে।
সম্প্রতি চালু হওয়া এই সুবিধা হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক একগুচ্ছ হালনাগাদের অংশ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভিন্ন ভিন্ন ডিভাইসে আরও স্বাচ্ছন্দ্যে ব্যবহার নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হয়েছে।
হোয়াটসঅ্যাপের এক ব্লগ বার্তায় বলা হয়েছে, ওয়েব সংস্করণের এই কলিং সুবিধা একক বা দলগত, দুই ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। এতে যুক্ত হয়েছে স্ক্রিন শেয়ারিং, প্রতিক্রিয়া জানানোর ব্যবস্থা, কল ইতিহাস দেখা এবং প্রিয় নম্বরগুলোর কল আলাদাভাবে দেখার জন্য ‘কলস’ ট্যাব।
ব্লগে আরও বলা হয়, অন্যের কম্পিউটার ব্যবহার করতে হলে, অফিসের ল্যাপটপে অ্যাপ নামানোর সুযোগ না থাকলে বা ব্রাউজারেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করলে, এই সুবিধা বিশেষভাবে কাজে দেবে। ব্যবহারকারীরা সরাসরি ব্রাউজার থেকেই যেকোনো কলে যুক্ত হতে পারবেন।
ওয়েব কলিংয়ের পাশাপাশি ‘কল স্থানান্তর’ নামে নতুন আরেকটি সুবিধা আনা হয়েছে। এর মাধ্যমে চলমান কোনো গ্রুপ কল মোবাইল থেকে ডেস্কটপ বা অন্য ডিভাইসে সহজেই সরিয়ে নেওয়া যাবে। এতে কল কেটে আবার যুক্ত হওয়ার প্রয়োজন হবে না।
গ্রুপ কলকে আরও নিরাপদ ও নিয়ন্ত্রিত করতে ‘ওয়েটিং রুম’ সুবিধাও চালু করা হয়েছে। কল লিংক তৈরি করার সময় ‘যোগ দিতে অনুমোদন প্রয়োজন’ অপশন চালু থাকলে অংশগ্রহণকারীরা প্রথমে একটি ভার্চ্যুয়াল অপেক্ষা কক্ষে থাকবেন। আয়োজকের অনুমোদন মিললেই তারা কলে যুক্ত হতে পারবেন।
কলের মান উন্নত করতেও দুটি নতুন প্রযুক্তি যুক্ত হয়েছে। এর একটি ‘কুইকএইচডি’, যা কল শুরুর সঙ্গে সঙ্গেই উচ্চ মানের ভিডিও নিশ্চিত করে। অন্যটি ‘নয়েজ সাপ্রেশন’, যা আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে পরিষ্কার অডিও নিশ্চিত করে। ফলে ব্যস্ত বা কোলাহলপূর্ণ পরিবেশেও কথা বলা সহজ হবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন এই সুবিধাগুলো ধাপে ধাপে সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে।