অ্যাপ স্টোর থেকে টেলিগ্রাম সরিয়েছিল অ্যাপল
শিশু যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্ট নীতিমালা লঙ্ঘনের অভিযোগে জনপ্রিয় বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামকে সাময়িকভাবে অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেয় অ্যাপল। পরে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ এবং দায়ী ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করার পর আবার অ্যাপটি স্টোরে ফিরিয়ে আনা হয়।
অ্যাপলের এক বিবৃতিতে জানানো হয়েছে, তদন্তে টেলিগ্রামে এমন কিছু কনটেন্ট পাওয়া যায় যা শিশু যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্ট নিষিদ্ধ করার তাদের নীতিমালার পরিপন্থী। এ কারণে সোমবার রাতে আইফোন ও আইপ্যাডের অ্যাপ স্টোর থেকে অ্যাপটি সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়। খবর আনাদোলু এজেন্সি।
পরবর্তীতে টেলিগ্রাম দ্রুত পদক্ষেপ নিয়ে ওই কনটেন্ট মুছে ফেলে এবং যিনি তা শেয়ার করেছিলেন, তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। এরপর অ্যাপল আবার অ্যাপ স্টোরে টেলিগ্রামকে যুক্ত করে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে টেলিগ্রাম বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে জানায়, তাদের বিলুপ্তির খবর অনেকটাই অতিরঞ্জিত।