মেটার এআইয়ে ধীরগতি নিয়ে উদ্বেগ জাকারবার্গের
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এআই এজেন্টের অগ্রগতি প্রত্যাশার তুলনায় ধীর গতিতে এগোচ্ছে বলে জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। এক অভ্যন্তরীণ টাউন হলে কর্মীদের উদ্দেশে তিনি বলেন, এই প্রযুক্তির উন্নয়ন এখনো সেই গতি পায়নি, যা আগে আশা করা হয়েছিল।
প্রযুক্তি খাতের পরিবর্তিত বাস্তবতায় দ্রুত খাপ খাওয়াতে না পারার আশঙ্কা থেকেই চলতি বছরের শুরুতে মেটা প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই করে, যা তাদের করপোরেট কর্মীর প্রায় ১০ শতাংশ। একই সঙ্গে আরও ৭ হাজার কর্মীকে এআই সংশ্লিষ্ট বিভিন্ন দলে পুনর্বিন্যাস করা হয়, যার মধ্যে ‘এজেন্ট ট্রান্সফরমেশন’ নামের একটি ইউনিটও রয়েছে।
সাম্প্রতিক বৈঠকে জাকারবার্গ এসব ছাঁটাই প্রসঙ্গে বলেন, ‘প্রক্রিয়াটি প্রত্যাশামতো মসৃণ ছিল না।’ তার মতে, কোম্পানির শীর্ষ কর্মকর্তারা আশঙ্কা করেছিলেন, প্রযুক্তি খাতে দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে প্রতিষ্ঠানটি পিছিয়ে পড়তে পারে।
তিনি আরও জানান, এআইকেন্দ্রিক নতুন কাঠামো থেকে প্রত্যাশিত সুফল এখনো পুরোপুরি আসেনি। তবে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে এআই বিনিয়োগের ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে মেটার কয়েক মাস আগে গঠিত এআই ইউনিট নিয়ে কর্মীদের মধ্যে চাপ ও অসন্তোষের চিত্রও উঠে এসেছে। কিছু প্রকৌশলী এটিকে মানসিকভাবে ক্লান্তিকর পরিবেশ হিসেবে বর্ণনা করেছেন।
এআই খাতে বড় বিনিয়োগ অব্যাহত রেখেছে মেটা। চলতি বছরে প্রতিষ্ঠানটি এআই অবকাঠামোতে প্রায় ১৪৫ বিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় করতে পারে বলে জানা গেছে।