কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর অবস্থানে অস্ট্রেলিয়া

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ২৮ জুন ২০২৬, ১৭:৫৫

কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর অবস্থানে অস্ট্রেলিয়া
ছবি : রয়টার্স

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে আইন আরও কঠোর করছে অস্ট্রেলিয়া। নতুন প্রস্তাবে প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য সর্বোচ্চ জরিমানা প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছে। সরকার বলছে, বিদ্যমান নিষেধাজ্ঞা কার্যকর করতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যথেষ্ট পদক্ষেপ নেয়নি।

সংশোধিত আইনে নিয়ম না মানলে সর্বোচ্চ জরিমানা ৪৯ দশমিক ৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার থেকে বাড়িয়ে ৯৯ মিলিয়ন ডলার করা হচ্ছে, যা প্রায় ৬৮ মিলিয়ন মার্কিন ডলারের সমান। একই সঙ্গে ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা ই-সেফটি কমিশনারকে আরও বেশি তথ্য সংগ্রহের ক্ষমতা দেওয়া হবে। এতে কোম্পানিগুলোকে বাধ্য করা যাবে, তারা কীভাবে ১৬ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট খোলা ঠেকাচ্ছে তার প্রমাণ দিতে।

সরকারের অভিযোগ, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, স্ন্যাপচ্যাট ও টিকটকের মতো প্ল্যাটফর্মগুলো বয়স যাচাই ব্যবস্থায় কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে কিশোররা সহজেই নিষেধাজ্ঞা এড়িয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের উপস্থিতি কমাতে আইন চালু হলেও বাস্তবে এখনও অনেক শিশু এসব প্ল্যাটফর্ম ব্যবহার করছে। তার মতে, বড় প্রযুক্তি কোম্পানিগুলো আইন মানতে যথেষ্ট আন্তরিক নয়।

সরকারের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর ৫০ লাখের বেশি কম বয়সী ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ বা সীমিত করা হয়েছে। তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অনেক কিশোর ভুয়া বয়স দিয়ে বা সেলফি যাচাই পদ্ধতি পাশ করে অনায়াসেই অনলাইনে সক্রিয় থাকছে।

একটি গবেষণায় দেখা গেছে, ১২ থেকে ১৫ বছর বয়সীদের প্রায় ৮৫ শতাংশ নিষেধাজ্ঞার পরও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। তাদের বড় অংশই নিজের বয়স ১৬ বছরের বেশি দেখিয়ে বা সহজ যাচাই পদ্ধতি ব্যবহার করে নিয়ম এড়িয়ে যাচ্ছে।

এদিকে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশও অস্ট্রেলিয়ার এই উদ্যোগ পর্যবেক্ষণ করছে। তরুণদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ায় অনুরূপ পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে তারা।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন