স্ট্রিমিং প্ল্যাটফর্মে কনটেন্টের চেয়ে বেশি শব্দের বিজ্ঞাপন নিষিদ্ধ
স্ট্রিমিং প্ল্যাটফর্মে হঠাৎ জোরে বাজা বিজ্ঞাপনে বিরক্তি এবার কমতে পারে। ক্যালিফোর্নিয়ায় নতুন একটি আইন ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে, যেখানে ভিডিও কনটেন্টের চেয়ে বেশি শব্দে বিজ্ঞাপন দেখানো নিষিদ্ধ করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা তুলনামূলক স্বস্তিদায়ক অভিজ্ঞতা পাবেন বলে আশা করা হচ্ছে।
নতুন এই আইনের মাধ্যমে স্ট্রিমিং সেবাগুলোকে তাদের বিজ্ঞাপনের ভলিউম নিয়ন্ত্রণ করতে হবে, যাতে তা মূল ভিডিওর শব্দমাত্রা ছাড়িয়ে না যায়। এর আগে সম্প্রচার ও কেবল টিভির ক্ষেত্রেও একই ধরনের নিয়ম চালু ছিল।
তবে স্ট্রিমিং কোম্পানিগুলো এখনো স্পষ্টভাবে জানায়নি কীভাবে তারা এই নিয়ম মেনে চলবে। ধারণা করা হচ্ছে, কেবল ক্যালিফোর্নিয়ায় সীমাবদ্ধ না থেকে এই পরিবর্তন বিশ্বব্যাপীই প্রয়োগ করা হতে পারে, বিশেষ করে ইলিনয় অঙ্গরাজ্যেও একই ধরনের আইন কার্যকর হওয়ার পরিকল্পনা থাকায়।
আইনটি প্রণয়নের সময় এর উদ্যোক্তা স্টেট সিনেটর থমাস আমবার্গ বলেন,‘অনেক অভিভাবকের অভিজ্ঞতা থেকেই এ উদ্যোগ এসেছে, যেখানে শিশুকে ঘুম পাড়ানোর পর হঠাৎ জোরে বাজা বিজ্ঞাপন সেই শান্তি নষ্ট করে দেয়।’
অন্যদিকে মোশন পিকচার অ্যাসোসিয়েশন অব আমেরিকা ও স্ট্রিমিং ইনোভেশন অ্যালায়েন্সসহ কিছু শিল্পসংগঠন এই আইনের বিরোধিতা করেছিল। তাদের দাবি, বিভিন্ন ডিভাইসে ভিন্ন ভিন্ন অডিও আউটপুট সামলাতে হয় বলে বিষয়টি এত সহজ নয়, এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো আগেই সমস্যার সমাধানে কাজ করছে।