নিরাপত্তা দুর্বলতা থাকা অ্যাপের তালিকায় ইনস্টাগ্রাম ও নেটফ্লিক্স
অনলাইন নিরাপত্তায় পাসকি এখন সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হিসেবে বিবেচিত হলেও বড় অনেক অ্যাপ ও সেবায় এখনো এটি চালু হয়নি। নতুন এক ওয়েবসাইট এসব প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে চাপ তৈরি করতে চাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াতে দ্রুত পাসকি চালু করা জরুরি।
হ্যাকারদের হাত থেকে অ্যাকাউন্ট সুরক্ষায় পাসকি এখন ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ হিসেবে ধরা হচ্ছে। অথচ এখনো প্রতি চারটি বড় অ্যাপ বা অনলাইন সেবার মধ্যে একটি পাসকি সুবিধা দেয় না। এই তালিকায় রয়েছে ইনস্টাগ্রাম, নেটফ্লিক্স ও স্পটিফাইয়ের মতো জনপ্রিয় প্ল্যাটফর্ম।
পাসকি মূলত ব্যবহারকারীর ডিভাইসেই তৈরি হয় এবং নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপের সঙ্গে যুক্ত থাকে। এতে ফেস আইডি, টাচ আইডি বা হার্ডওয়্যার সিকিউরিটি কি ব্যবহার করা যায়। ফলে পাসওয়ার্ডের মতো কিছু মনে রাখার প্রয়োজন হয় না এবং ফিশিং বা চুরির ঝুঁকিও অনেক কমে যায়।
নিরাপত্তা গবেষক স্কট হেলম তৈরি করেছেন ‘whynopasskeys.com’ নামের এই ওয়েবসাইট। এক ব্লগ পোস্টে তিনি জানান, প্রতিষ্ঠানগুলোকে পাসকি চালু করতে উৎসাহিত করাই এর লক্ষ্য। তার ভাষায়, একটি তালিকায় থাকা অনেক সময় বড় ধরনের চাপ তৈরি করে এবং কেউই সেই তালিকায় থাকতে চায় না।
অ্যাপল, গুগল ও মাইক্রোসফট ইতোমধ্যে ব্যবহারকারীদের জন্য পাসকি সুবিধা চালু করেছে। তবে ইনস্টাগ্রামে সরাসরি পাসকি চালু না থাকলেও, ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকলে ব্যবহারকারীরা সীমিতভাবে এটি ব্যবহার করতে পারেন।
মেটা কেন তাদের সব সেবায় পাসকি চালু করেনি, সে বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। একই বিষয়ে নেটফ্লিক্স ও স্পটিফাইয়ের কাছেও জানতে চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো উত্তর দিলে পরবর্তী সময়ে হালনাগাদ করা হবে।
সূত্র : টেকক্রাঞ্চ