জেমিনিতে নিজের কার্যক্রম মুছবেন যেভাবে
এআই সহকারী ব্যবহারের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত তথ্য সংরক্ষণ নিয়ে উদ্বেগও বাড়ছে। ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে গুগলের জেমিনি ব্যবহারকারীর প্রশ্ন, প্রম্পট ও বিভিন্ন কার্যক্রম সংরক্ষণ করে। তবে চাইলে এসব তথ্য সহজেই দেখা, নিয়ন্ত্রণ এবং মুছে ফেলা যায়।
গুগল জানিয়েছে, ব্যবহারকারী যদি লগ-ইন অবস্থায় ‘কিপ অ্যাক্টিভিটি’ চালু রাখেন, তাহলে জেমিনি অ্যাপসের কার্যক্রম গুগল অ্যাকাউন্টে সংরক্ষিত হয়। ব্যবহারকারীরা যেকোনো সময় ‘মাই অ্যাক্টিভিটি’ থেকে এসব তথ্য পর্যালোচনা বা মুছে ফেলতে পারেন।
জেমিনিতে নিজের কার্যক্রম দেখতে প্রথমে কম্পিউটার থেকে জেমিনির ওয়েবসাইটে যেতে হবে। এরপর ‘সেটিংস অ্যান্ড হেল্প’ থেকে ‘অ্যাক্টিভিটি’ অপশনে ক্লিক করলেই সংরক্ষিত তথ্য দেখা যাবে। নির্দিষ্ট কোনো তথ্য খুঁজতে চাইলে সেখানে বিভিন্ন ফিল্টার ব্যবহারের সুবিধাও রয়েছে।
কোনো কার্যক্রম মুছতে চাইলে একই পেজ থেকে সময় অনুযায়ী নির্বাচন করা যায়। ব্যবহারকারী চাইলে সব তথ্য, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময় কিংবা আলাদা কোনো কার্যক্রম মুছে ফেলতে পারবেন। জেমিনি লাইভ চ্যাটের ক্ষেত্রে সংশ্লিষ্ট অডিও, ভিডিও বা স্ক্রিন শেয়ার তথ্যও একসঙ্গে মুছে যাবে।
এ ছাড়া ‘কিপ অ্যাক্টিভিটি’ বন্ধ করার সুযোগও রয়েছে। এই অপশন বন্ধ করলে নতুন কোনো চ্যাট বা কার্যক্রম দীর্ঘমেয়াদে সংরক্ষণ করা হবে না। তবে গুগল জানিয়েছে, সেবা প্রদান ও ত্রুটি বিশ্লেষণের জন্য কিছু তথ্য সর্বোচ্চ ৭২ ঘণ্টা পর্যন্ত সাময়িকভাবে সংরক্ষিত থাকতে পারে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এআই ব্যবহারের সুবিধার পাশাপাশি ব্যক্তিগত তথ্য সুরক্ষায় নিয়মিত অ্যাক্টিভিটি পর্যালোচনা ও নিয়ন্ত্রণ করা জরুরি।