সন্তানের এআই চ্যাটবট ব্যবহারের তথ্য অভিভাবকদের জানাবে মেটা
কিশোর-কিশোরীদের ডিজিটাল দুনিয়ায় নিরাপদ রাখতে নতুন উদ্যোগ নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা। এখন থেকে সন্তানরা এআই চ্যাটবটের সঙ্গে কী বিষয়ে কথা বলছে, তার একটি সার্বিক ধারণা পাবেন অভিভাবকেরা। এতে পারিবারিক নজরদারি যেমন বাড়বে, তেমনি প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের পথও সহজ হবে।
মেটা জানিয়েছে, ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের টিন অ্যাকাউন্টে থাকা ‘সুপারভিশন’ সুবিধায় যুক্ত হচ্ছে নতুন ‘ইনসাইটস’ ট্যাব। এই ট্যাবের মাধ্যমে অভিভাবকেরা দেখতে পারবেন, গত সাত দিনে তাদের সন্তান এআই সহকারীর কাছে কোন কোন বিষয়ে প্রশ্ন করেছে। বিষয়গুলো আলাদাভাবে বিভাগভিত্তিকভাবে দেখানো হবে।
এই বিভাগগুলোর মধ্যে রয়েছে শিক্ষা, বিনোদন, জীবনযাপন, ভ্রমণ, লেখা এবং স্বাস্থ্য ও সুস্থতা। নির্দিষ্ট বিভাগে প্রবেশ করলে আরও উপবিভাগ দেখা যাবে। যেমন জীবনযাপন অংশে ফ্যাশন, খাবার ও ছুটির বিষয় থাকবে। আবার স্বাস্থ্য ও সুস্থতা অংশে ফিটনেস, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
তবে অভিভাবকেরা সরাসরি পুরো কথোপকথন দেখতে পারবেন না। কেবল আলোচনার বিষয় সম্পর্কে ধারণা পাবেন। কোনো সংবেদনশীল বিষয়ে যেমন আত্মহত্যা বা আত্মক্ষতি সংক্রান্ত আলাপের চেষ্টা করলে ভবিষ্যতে অভিভাবকদের সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থাও আনছে মেটা।
এই নতুন সুবিধা আগের নিরাপত্তা ব্যবস্থার পরিপূরক হিসেবে কাজ করবে। টিন অ্যাকাউন্টে ইতোমধ্যে সময় নির্ধারণ, বিরতির সময় ঠিক করা এবং গত সাত দিনে কার সঙ্গে যোগাযোগ হয়েছে তা দেখার মতো ফিচার রয়েছে। মেটা জানিয়েছে, তাদের এআই সেবা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তা কিশোরদের জন্য উপযোগী হয় এবং অনুপযুক্ত প্রশ্নের ক্ষেত্রে উত্তর না দিয়ে প্রয়োজনীয় সহায়তার দিকনির্দেশনা দেয়।
এআই নিয়ে কিশোরদের সঙ্গে অভিভাবকদের খোলামেলা আলোচনা বাড়াতে একটি নির্দেশিকাও তৈরি করেছে প্রতিষ্ঠানটি। এ জন্য তারা ‘সাইবারবুলিং রিসার্চ সেন্টার’-এর সঙ্গে কাজ করেছে। নির্দেশিকায় এমন কিছু প্রশ্ন ও পরামর্শ রাখা হয়েছে, যা ব্যবহার করে অভিভাবকেরা সহজেই সন্তানের সঙ্গে এআই ব্যবহারের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে পারেন।
এ ছাড়া কিশোরদের জন্য নিরাপদ ও বয়স উপযোগী এআই অভিজ্ঞতা নিশ্চিত করতে ‘এআই ওয়েলবিয়িং এক্সপার্ট কাউন্সিল’ নামে নতুন একটি বিশেষজ্ঞ দল গঠন করেছে মেটা। এই দলে আত্মহত্যা প্রতিরোধ, তরুণদের মানসিক স্বাস্থ্য এবং দেহ-ভাবমূর্তি নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের পাশাপাশি দায়িত্বশীল এআই উন্নয়নে অভিজ্ঞ ব্যক্তিরাও যুক্ত রয়েছেন।
মেটা জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও ব্রাজিলে ইতোমধ্যে এই সুবিধা চালু হয়েছে। শিগগিরই বিশ্বের অন্যান্য দেশেও এটি চালু করা হবে।