গুগল ফটোস-এ যুক্ত হচ্ছে সিডিউল ব্যাকআপ সুবিধা
ছবি আর ভিডিও ব্যাকআপের ক্ষেত্রে গুগল ফটোস অনেকেরই প্রথম পছন্দ। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নানা সুবিধা যুক্ত হলেও একটি মৌলিক অপশন এত দিন অনুপস্থিত ছিল। ব্যবহারকারী কখন ব্যাকআপ হবে, সেটি নিজে থেকে নির্ধারণের সুযোগ। এবার সেই অভাব পূরণ করতে যাচ্ছে গুগল। নতুন এক সুবিধার মাধ্যমে নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট ব্যবধানে ব্যাকআপ চালু করার অপশন পরীক্ষামূলকভাবে দেখা গেছে।
গত কয়েক মাসে গুগল ফটোসে যুক্ত হয়েছে একাধিক এআইভিত্তিক ফিচার। প্রাকৃতিক ভাষায় ছবি সম্পাদনা, নতুন ভিডিও এডিটর এবং স্বয়ংক্রিয়ভাবে হাইলাইট ভিডিও তৈরির মতো সুবিধা এতে যোগ হয়েছে। এসব ফিচারের কারণে ছবি ও ভিডিও সংরক্ষণ ও সম্পাদনায় গুগল ফটোস আরও শক্ত অবস্থান তৈরি করেছে।
তবে এত উন্নত সুবিধা থাকলেও ব্যাকআপ কখন হবে, সেটি বেছে নেওয়ার সুযোগ ছিল না। এখন গুগল নাকি ‘ব্যাকআপ স্কেজ্যুল’ নামে একটি নতুন অপশন পরীক্ষা করছে। এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা দৈনিক, সাপ্তাহিক কিংবা মাসিক ভিত্তিতে ছবি ও ভিডিও ব্যাকআপের সময় নির্ধারণ করতে পারবেন। প্রয়োজনে নির্দিষ্ট সময়ও বেছে নেওয়া যাবে।
অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, গুগল ফটোসের সংস্করণ সাত দশমিক পাঁচ আট দশমিক শূন্যতে এই অপশনটির অস্তিত্ব ধরা পড়েছে। অ্যাপটির কোড বিশ্লেষণ করে এটি পাওয়া গেছে। একই সঙ্গে ব্যাকআপ সেটিংস অংশে নতুন ম্যাটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ নকশার ছাপও দেখা গেছে।

নতুন নকশায় ব্যাকআপ সংক্রান্ত অপশনগুলো আলাদা আলাদা ভাগে সাজানো হচ্ছে। যেমন ব্যাকআপ টুলস, কী ব্যাকআপ হবে এবং কীভাবে ব্যাকআপ হবে। ব্যাকআপ মোড, ব্যাকআপ কোয়ালিটি ও ডিভাইস ফোল্ডার নির্বাচন অপশনগুলো এখন আলাদা কনটেইনারে রাখা হচ্ছে।
তবে এখনো এই ব্যাকআপ সিডিউল অপশনটি পুরোপুরি কাজ করছে না। কবে এটি সবার জন্য উন্মুক্ত হবে, সে বিষয়েও গুগল আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
বিশেষজ্ঞদের ধারণা, এই ফিচারটি অ্যান্ড্রয়েডের অটো ব্যাকআপ ব্যবস্থার মতো হতে পারে। যেখানে অ্যাপ, কল হিস্ট্রি, কনট্যাক্টসহ বিভিন্ন তথ্য স্বয়ংক্রিয়ভাবে গুগল অ্যাকাউন্টে সংরক্ষিত হয়।
সাম্প্রতিক সময়ে গুগল ফটোসে আরও কিছু নতুন সুবিধা যুক্ত হয়েছে। ‘হেল্প মি’ এডিট নামের এআই ফিচার, যেখানে টুল বা স্লাইডার বাছাই না করেই ছবি সম্পাদনা করা যায়। অ্যান্ড্রয়েডে ব্যাকআপ বাতিল করার সুবিধাও যুক্ত হয়েছে।
সব মিলিয়ে গুগল ফটোস ব্যবহারকারীদের জন্য ব্যাকআপ নিয়ন্ত্রণ আরও সহজ ও স্মার্ট হতে চলেছে।
সূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি ও ইন্ডিয়ান এক্সপ্রেস