অ্যাপল টিভির পুরোনো মডেল থেকে যেসব সুবিধা হারিয়ে যাচ্ছে
অ্যাপলের পুরোনো টিভি ৪কে ডিভাইসগুলো ধীরে ধীরে সফটওয়্যার ও হার্ডওয়্যার সহায়তা হারাচ্ছে। তবে সফটওয়্যার হালনাগাদ বন্ধ হলেও ডিভাইসগুলো একেবারে অচল হয়ে যাবে না। পুরোনো মডেলেও আরও কয়েক বছর বিভিন্ন ভিডিও দেখার সেবা ব্যবহার করা সম্ভব হবে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম পকেট-লিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে বাজারে আসা প্রথম প্রজন্মের অ্যাপল টিভি ৪কে ইতোমধ্যে নতুন অপারেটিং সিস্টেম টিভিওএস ২৭-এর সমর্থন হারিয়েছে। টানা নয় বছর সফটওয়্যার হালনাগাদ পাওয়ার পর চলতি বছর থেকে মডেলটি আর নতুন সংস্করণটি ব্যবহার করতে পারছে না। অন্যদিকে ২০২১ ও ২০২২ সালে বাজারে আসা দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের মডেল এখনো টিভিওএস ২৭ সমর্থন করছে।
সফটওয়্যার হালনাগাদ বন্ধ হলেও প্রথম প্রজন্মের মডেলে এখনো বিভিন্ন ভিডিও দেখার অ্যাপ ব্যবহার করা যাচ্ছে। ডিজনি প্লাস চালাতে টিভিওএস ১৬.৫ বা পরবর্তী সংস্করণ, নেটফ্লিক্সের জন্য টিভিওএস ১৮ এবং প্রাইম ভিডিওর জন্য টিভিওএস ১৮.২ প্রয়োজন। ইউটিউব আবার টিভিওএস ১৩ সংস্করণেও কাজ করে। ফলে পুরোনো ডিভাইসটিতে আরও কয়েক বছর এসব সেবা ব্যবহারের সুযোগ থাকতে পারে।
তবে সফটওয়্যার ও হার্ডওয়্যার সহায়তা বন্ধ হওয়ার সময় এক নয়। অ্যাপল কোনো পণ্য বিক্রি বন্ধের পাঁচ বছর পর সেটিকে ‘ভিনটেজ’ এবং সাত বছর পর ‘অপ্রচলিত’ হিসেবে চিহ্নিত করে। ভিনটেজ পণ্যের মেরামত সীমিত পরিসরে করা হয় এবং তা যন্ত্রাংশের প্রাপ্যতার ওপর নির্ভর করে। অপ্রচলিত পণ্যের ক্ষেত্রে অ্যাপল আর মেরামত বা হার্ডওয়্যার সহায়তা দেয় না।

২০১৭ সালের প্রথম প্রজন্মের অ্যাপল টিভি ৪কে বর্তমানে ভিনটেজ পণ্যের তালিকায় রয়েছে। ২০২১ সালে দ্বিতীয় প্রজন্মের মডেল বাজারে আসার পর এটি বিক্রি বন্ধ করে অ্যাপল। ফলে ডিভাইসটির মেরামত এখনো সম্ভব হলেও প্রয়োজনীয় যন্ত্রাংশ না পাওয়ার ঝুঁকি রয়েছে।
২০২১ সালে বাজারে আসা দ্বিতীয় প্রজন্মের মডেল ২০২৭ সালের শরতে ভিনটেজ তালিকায় যুক্ত হতে পারে। আর ২০২২ সালের তৃতীয় প্রজন্মের মডেলটি ২০৩১ সালে এই তালিকায় আসার কথা।
দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের অ্যাপল টিভি ৪কে মডেলে টিভিওএস ২৭ হালনাগাদ পাওয়া যাচ্ছে। পাশাপাশি ভবিষ্যতের একটি হালনাগাদে এসব মডেলে সিরির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা যুক্ত করার বিষয়টিও নিশ্চিত করেছে অ্যাপল।
নতুন চতুর্থ প্রজন্মের অ্যাপল টিভি ৪কে-তে এ১৯ চিপ ও ওয়াই-ফাই ৭ প্রযুক্তি রয়েছে। তবে দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের মডেল ব্যবহারকারীদের এখনই নতুন ডিভাইস কেনার প্রয়োজন নেই বলে মনে করছে পকেট-লিন্ট। অন্যদিকে প্রথম প্রজন্মের মডেল থেকে নতুন সংস্করণে গেলে কার্যক্ষমতায় উল্লেখযোগ্য উন্নতি পাওয়া যাবে।