দেশে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদনে নতুন উদ্যোগ
দেশে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদনের জন্য নতুন সারফেস মাউন্ট টেকনোলজি (এসএমটি) লাইন চালু করেছে স্মার্ট হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মাধ্যমে স্মার্টফোন তৈরির গুরুত্বপূর্ণ একটি ধাপ এখন দেশেই সম্পন্ন হচ্ছে। এতে আমদানি করা যন্ত্রাংশ ও উপাদানের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি ভবিষ্যতে স্মার্টফোন রপ্তানির সম্ভাবনাও তৈরি হয়েছে।
আজ বুধবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে অনার ব্র্যান্ডের স্মার্টফোন উৎপাদন করে স্মার্ট হাইটেক। নতুন এসএমটি লাইনে বিশেষায়িত যন্ত্রের সাহায্যে মাদারবোর্ডে সরাসরি ইলেকট্রনিক উপাদান বসানো হয়।
বাংলাদেশের স্মার্টফোন উৎপাদনশিল্পের সম্ভাবনা ও রপ্তানির সুযোগ যাচাই করতে বাংলাদেশে অনার ব্র্যান্ডের স্মার্টফোন উৎপাদন কারখানা পরিদর্শন করেছে সিঙ্গাপুরের নানিয়াং বিজনেস স্কুলের এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের চার সদস্যের একটি প্রতিনিধি দল।
নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির স্প্যান ক্যাপস্টোন কর্মসূচির আওতায় পরিচালিত নয় মাসের ‘প্রজেক্ট স্মার্টঅ্যাসেন্ড’-এর অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হয়। প্রকল্পটি ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত চলবে। বাংলাদেশে স্মার্টফোন উৎপাদন বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ তৈরির ক্ষেত্রে সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করাই এ প্রকল্পের লক্ষ্য।
স্মার্ট হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, কারখানা পরিদর্শনের মাধ্যমে প্রতিনিধি দলের সদস্যরা প্রতিষ্ঠানটির উৎপাদনপ্রক্রিয়া ও বাজার পরিস্থিতি সরাসরি দেখার সুযোগ পেয়েছেন।
তিনি বলেন,‘এই কারখানা চালুর সময় আমরা বলেছিলাম, বাংলাদেশেই বিশ্বমানের ইলেকট্রনিক পণ্য তৈরি সম্ভব। নতুন এসএমটি লাইন সেই লক্ষ্যকে আরও এগিয়ে নিচ্ছে। আমরা শুধু ফোন সংযোজন করছি না, ফোন তৈরি করছি। আমাদের পরবর্তী লক্ষ্য রপ্তানি। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও অন্যান্য অঞ্চলে “মেড ইন বাংলাদেশ” স্মার্টফোন পৌঁছে দিতে চাই।’
প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা গ্লেন লিম বলেন, কারখানা পরিদর্শন ও স্থানীয় বাজার পর্যবেক্ষণের মাধ্যমে তারা বাংলাদেশের স্মার্টফোন শিল্প সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। এ সুযোগ করে দেওয়ায় স্মার্ট হাইটেকের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
২০২৫ সালের ডিসেম্বরে ১৫০ কোটি টাকা বিনিয়োগে কারখানাটি চালু করে স্মার্ট হাইটেক। সেখানে উৎপাদিত প্রথম অনার স্মার্টফোন ছিল অনার এক্স৬সি। ‘মেড ইন বাংলাদেশ’ পরিচয়ে ফোনটি বাজারে আনা হয়।