পছন্দ অনুযায়ী কনটেন্ট খুঁজে দেবে নেটফ্লিক্সের এআই
নতুন এআই ফিচার ‘এআই ডিসকভার’ চালু করছে নেটফ্লিক্স। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের মুড, পছন্দ এবং হাতে থাকা সময় অনুযায়ী সিনেমা ও সিরিজের সুপারিশ পাবেন। মঙ্গলবার (৩ নভেম্বর) ফিচারটি পরীক্ষামূলকভাবে চালুর ঘোষণা দিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।
টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, নেটফ্লিক্সের নতুন এই ফিচারে ‘হালকা কিছু দেখতে চাই’, ‘ভয় দেখাও’, ‘পারিবারিক সিনেমার রাত’ ও ‘অল্প সময়ে দেখা যাবে’ এমন বিভিন্ন থিম বেছে নেওয়া যাবে। এসব থিমের সঙ্গে সংশ্লিষ্ট সিনেমা ও সিরিজের ক্লিপও দেখানো হবে।
কোনো থিম নির্বাচন করলে সেই অনুযায়ী কনটেন্টের সুপারিশ পাবেন ব্যবহারকারীরা। চাইলে আরও নির্দিষ্ট থিম বেছে নিয়ে পছন্দের কনটেন্ট খোঁজা যাবে। আবার ‘ভিন্ন কিছু’ অপশন নির্বাচন করে নতুন করে অনুসন্ধান শুরু করা যাবে।
প্রতিটি কনটেন্টের পাশে ‘প্লে’ ও ‘মাই লিস্ট’ বোতামের পাশাপাশি থাকবে ‘টিউন ইয়োর রিকমেন্ডেশনস’ অপশন। এর মাধ্যমে পছন্দের সুপারিশ সংরক্ষণ করা যাবে। আবার যেসব সিনেমা বা সিরিজের সুপারিশ আর দেখতে চান না, সেগুলো বাদও দেওয়া যাবে।
নেটফ্লিক্সের ব্লগ পোস্টে বলা হয়েছে, ব্যবহারকারীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে নতুন এআই প্রযুক্তি। ব্যবহারকারীরা কী দেখতে চান, তাৎক্ষণিকভাবে সেই নির্দেশনা বুঝে সুপারিশ দেবে এটি। সময়ের সঙ্গে ব্যবহারকারীর পছন্দ সম্পর্কেও শিখবে প্রযুক্তিটি।
নেটফ্লিক্সের ভাষ্য, ‘এআই ডিসকভার’ মূলত নতুন ফিচার পরীক্ষার একটি জায়গা। এখানে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া পর্যালোচনা করে কোন সুবিধা রাখা বা উন্নত করা হবে, তা ঠিক করবে প্রতিষ্ঠানটি।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষায় নেটফ্লিক্স ব্যবহার করেন এমন গ্রাহকদের জন্য সমর্থিত টিভিতে ফিচারটি চালু হচ্ছে। আগামী কয়েক সপ্তাহে আরও ব্যবহারকারীর কাছে এটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। যাদের টিভিতে ফিচারটি পাওয়া যাবে, তারা নেভিগেশন বারে লাল রত্নের আইকনসহ ‘ডিসকভার’ বোতাম দেখতে পাবেন।
সূত্র : টেকক্রাঞ্চ