মহাকাশে ডেটা সেন্টার নির্মাণে আগ্রহী ইলন মাস্ক
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ভালো ফলের পর মহাকাশে ডেটা সেন্টার নির্মাণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন ইলন মাস্ক। তার মতে, বর্তমান পরিস্থিতিতে পৃথিবীর বাইরে ডেটা সেন্টার নির্মাণের ধারণাটি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ৪ নভেম্বর নির্বাচনের ফল প্রকাশের কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ মন্তব্য করেন মাস্ক। নির্বাচনী প্রচারে রিপাবলিকানদের সমর্থনে সক্রিয় ছিলেন তিনি। শুধু টেক্সাসেই নির্বাচনী প্রচারে ১৫ কোটি মার্কিন ডলারের বেশি ব্যয় করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
একই দিনে আরেকটি পোস্টে মাস্ক লেখেন, ‘এবার মনে হচ্ছে নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য আমার মহাকাশের লেজারগুলো কাজ করেনি।’ নির্বাচনের ফলাফল ও নিজের রাজনৈতিক প্রভাব নিয়ে রসিকতা করেই তিনি এ মন্তব্য করেন।
টেক্সাসে ডেমোক্র্যাটদের জয়
নির্বাচনে ডেমোক্র্যাটদের উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে টেক্সাসের গভর্নর নির্বাচনে জিনা হিনোজোসার জয় বিশেষভাবে আলোচনায় এসেছে। তিনি ডেটা সেন্টার সম্প্রসারণের বিরোধিতা করে আসছেন।
অন্যদিকে, টেসলা, স্পেসএক্স ও এক্সএআইয়ের মাধ্যমে টেক্সাসে উচ্চক্ষমতার কম্পিউটিং, চিপ উৎপাদন এবং ডেটা সেন্টার অবকাঠামোসংক্রান্ত বিভিন্ন প্রকল্পে যুক্ত রয়েছেন মাস্ক।
যদিও মাস্কের পোস্টে সরাসরি গুগল, অ্যামাজন বা মেটার নাম উল্লেখ করা হয়নি, প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে বড় পরিসরে ডেটা সেন্টার নির্মাণ ও সম্প্রসারণ করছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পে ডেটা সেন্টারের দ্রুত সম্প্রসারণ নিয়ে রাজনৈতিক ও পরিবেশগত উদ্বেগ বাড়ছে। এসব স্থাপনার বিপুল বিদ্যুৎ চাহিদা, বিদ্যুতের দাম এবং পরিবেশের ওপর প্রভাব যুক্তরাষ্ট্রের নির্বাচনী আলোচনাতেও গুরুত্ব পেয়েছে।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে নতুন ইতিহাস
২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বেশ কয়েকটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে। এ নির্বাচনে দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর, প্রথম আদিবাসী নারী গভর্নর, প্রথম আদিবাসী নারী সিনেটর নির্বাচিত হয়েছেন।
রাটগার্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আমেরিকান উইমেন অ্যান্ড পলিটিকসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেট নির্বাচনে প্রায় ৩০০ নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।