অপ্রাপ্তবয়স্কদের জন্য ডেটিং অ্যাপ ব্যবহারে কড়াকড়ি অ্যাপলের

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৫:০৭

অপ্রাপ্তবয়স্কদের জন্য ডেটিং অ্যাপ ব্যবহারে কড়াকড়ি অ্যাপলের

অ্যাপ স্টোরে ডেটিং অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে বয়সসীমা আরও কঠোর করছে অ্যাপল। নতুন নিয়ম অনুযায়ী, যেসব অ্যাপে পরিচয় বা প্রেমের সম্পর্ক তৈরির সুবিধা রয়েছে, সেগুলো শুধু ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য নির্ধারণ করতে হবে। এ নিয়মের আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সঙ্গী অ্যাপও আসতে পারে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের অ্যাপ স্টোরের নীতিমালায় এ পরিবর্তন আনা হয়েছে। আগামী ১৬ নভেম্বর থেকে অ্যাপগুলোতে নতুন বিষয়বস্তুর বিবরণ যুক্ত করা বাধ্যতামূলক হবে। এর মাধ্যমে অ্যাপের ভেতরে কী ধরনের বিষয়বস্তু ও সুবিধা রয়েছে, তা স্পষ্টভাবে জানাতে হবে।

নতুন নিয়মে ক্যারেক্টার এআই ও রেপ্লিকার মতো কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সঙ্গী অ্যাপও প্রভাবিত হতে পারে। এসব অ্যাপে ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কথোপকথনের পাশাপাশি প্রেমের সম্পর্কের অভিজ্ঞতাও পান। গত বছর এক্সএআই তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গীদের জন্য ত্রিমাত্রিক অ্যানিমেটেড চরিত্র চালু করেছিল। এসব চরিত্রের মাধ্যমে বিশেষ সুবিধা ব্যবহার করে প্রাপ্তবয়স্কদের উপযোগী কথোপকথন করা যেত।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের গ্রীষ্মকাল পর্যন্ত অ্যাপ স্টোর ও গুগল প্লেতে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সঙ্গী অ্যাপগুলো মোট ২২ কোটি বার ডাউনলোড করা হয়েছে।

এ ছাড়া যেসব অ্যাপে ব্যবহারকারীর অবস্থান ভাগাভাগির সুবিধা রয়েছে, সেগুলোকে এ বিষয়ে স্পষ্টভাবে জানাতে হবে। ব্যবহারকারীর গোপনীয়তা নিয়ে উদ্বেগের কারণে অ্যাপল এ নির্দেশনা দিয়েছে। ব্রাজিলে লোকেশন শেয়ার সুবিধাযুক্ত পারিবারিক অ্যাপগুলোকে দেশটির বিচার ও জননিরাপত্তা মন্ত্রণালয়ের নির্ধারিত বয়সভিত্তিক রেটিং নিতে হতে পারে। এ ক্ষেত্রে স্থানীয় এ১৬ রেটিংয়ের পরিবর্তে সরকারি রেটিং প্রযোজ্য হতে পারে।

অ্যাপ স্টোরে অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় অ্যাপল এর আগেও বয়স যাচাই ও অভিভাবকীয় নিয়ন্ত্রণব্যবস্থা জোরদার করেছে। নতুন নিয়মের মাধ্যমে ডেটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সঙ্গী অ্যাপ ব্যবহারের ক্ষেত্রেও বয়সভিত্তিক নিয়ন্ত্রণ বাড়ানো হচ্ছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন