গুগলের স্মার্ট স্পিকারে যুক্ত হলো যেসব নতুন সুবিধা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫:৩১

গুগলের স্মার্ট স্পিকারে যুক্ত হলো যেসব নতুন সুবিধা

গুগল হোম ও নেস্ট স্মার্ট স্পিকারের জন্য সাতটি নতুন আপডেট এনেছে গুগল। এসব আপডেটে অডিওর মান উন্নত করার পাশাপাশি ব্লুটুথ সংযোগ, ওয়াই-ফাই ৭ রাউটারের সঙ্গে সামঞ্জস্য এবং ভয়েস কমান্ডের বিভিন্ন সমস্যা সমাধান করা হয়েছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইট-টু-ফাইভ গুগলের প্রতিবেদনে বলা হয়েছে, গুগল হোম, গুগল হোম মিনি ও নেস্ট অডিও স্পিকারে উন্নত স্ট্রিমিং সুবিধা যুক্ত হয়েছে। ফলে এসব ডিভাইসে অডিও শোনার অভিজ্ঞতা আরও সাবলীল হবে।

অডিওর মান ও ভলিউম নিয়ন্ত্রণে উন্নতি

নতুন আপডেটে স্পিকার পেয়ার ভলিউম টিউনিং সুবিধা যুক্ত হয়েছে। এর ফলে অতিরিক্ত ভারী বেসের শব্দ কমবে এবং কম ভলিউমেও অডিও স্পষ্ট শোনা যাবে।

এ ছাড়া গুগল হোম স্পিকার, নেস্ট অডিও ও নেস্ট মিনির ক্ষেত্রে গুগল হোম অ্যাপের মাধ্যমে স্থানীয় নেটওয়ার্কে ডিভাইস শনাক্ত করার সুবিধা আরও দ্রুত ও নির্ভরযোগ্য করা হয়েছে।

ব্লুটুথ ও স্পিকার গ্রুপের সমস্যা সমাধান

আগে কোনো ল্যাপটপ বা অন্য ডিভাইস থেকে ব্লুটুথের মাধ্যমে স্পিকারে অডিও চালানোর সময় ভয়েস কমান্ড দিয়ে ‘রিজিউম’ বললে অডিও স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যেত। নতুন আপডেটে এ সমস্যা সমাধান করা হয়েছে।

এ ছাড়া গুগল হোম অ্যাপে স্টেরিও পেয়ার ও স্পিকার গ্রুপ হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া কিংবা শনাক্ত না হওয়ার সমস্যাও ঠিক করা হয়েছে।

ওয়াই-ফাই ৭ ও গুগল মিটে নতুন সুবিধা

ওয়াই-ফাই ৭ রাউটারের সঙ্গে ডব্লিউপিএ৩ নিরাপত্তাব্যবস্থা ব্যবহার করে স্মার্ট স্পিকার সংযোগের ক্ষেত্রে যে সমস্যা হচ্ছিল, তা সমাধান করেছে গুগল। ফলে এসব রাউটারের সঙ্গে স্পিকার সেটআপ ও সংযোগ আরও নির্ভরযোগ্য হবে।

এ ছাড়া ভয়েস কমান্ড ব্যবহার করে গুগল মিটের কল শেষ করতে না পারার সমস্যাও ঠিক করা হয়েছে।

তবে এসব আপডেটের জন্য নির্দিষ্ট কোনো ফার্মওয়্যার সংস্করণের নম্বর জানায়নি গুগল। প্রতিষ্ঠানটির প্রকাশিত আপডেট তালিকাতেও সব পরিবর্তনের তথ্য এখনো যুক্ত হয়নি।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন