এআই খাতে বিনিয়োগের জন্য অর্থের নতুন উৎস খুঁজছে মাইক্রোসফট

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৩:২৭

এআই খাতে বিনিয়োগের জন্য অর্থের নতুন উৎস খুঁজছে মাইক্রোসফট

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের অর্থ জোগাতে যুক্তরাষ্ট্রের বন্ড বাজার থেকে প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের পরিকল্পনা করেছে মাইক্রোসফট। গত নয় বছরের বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে বিনিয়োগযোগ্য মানের বন্ডের এটাই হবে প্রতিষ্ঠানটির প্রথম বড় বিক্রি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।

বন্ড বিক্রির ঘোষণা আসার আগেই এতে বিনিয়োগকারীদের কাছ থেকে ১০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। অর্থাৎ প্রস্তাবিত বন্ডের আকারের চার গুণেরও বেশি চাহিদা তৈরি হয়েছে। তবে মাইক্রোসফট চূড়ান্তভাবে কত অর্থ সংগ্রহ করবে, তা এখনো নির্ধারিত হয়নি।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, দুই থেকে ৪০ বছর মেয়াদে সর্বোচ্চ ১০ ধাপে বন্ড বিক্রি করতে পারে মাইক্রোসফট। চাহিদার ওপর নির্ভর করে বন্ড বিক্রির মোট পরিমাণ পরিবর্তিত হতে পারে। এ প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে রয়েছে ওয়েলস ফার্গো, জেপিমরগ্যান চেজ ও ইউবিএস।

সম্প্রতি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই অবকাঠামো ও ডেটা সেন্টার নির্মাণে বিপুল অর্থ ব্যয় করছে। এ ব্যয় মেটাতে গত এক বছরে অনেক প্রতিষ্ঠানই বন্ড বিক্রি ও শেয়ার ছাড়ার মতো অর্থায়নের পথে হাঁটছে। আগে এসব বিনিয়োগের জন্য প্রতিষ্ঠানগুলো সাধারণত নিজেদের নগদ অর্থের ওপর নির্ভর করত।

বন্ড বিক্রির এক দিন আগে মাইক্রোসফটের প্রধান অর্থ কর্মকর্তা অ্যামি হুড বিনিয়োগকারীদের জানিয়েছিলেন, নগদ অর্থের প্রবাহ ও আর্থিক সক্ষমতা ধরে রাখতে প্রয়োজন মনে করলে প্রতিষ্ঠানটি অর্থায়নের নতুন উৎস খুঁজবে।

মাইক্রোসফট জানিয়েছে, ২০২৭ সালের জুনে শেষ হতে যাওয়া চলতি অর্থবছরেও ইতিবাচক ফ্রি ক্যাশ ফ্লো বজায় রাখার প্রত্যাশা করছে তারা। এ ক্ষেত্রে এআই অবকাঠামো নির্মাণে বিপুল অর্থ ব্যয় করা অন্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর তুলনায় মাইক্রোসফটের অবস্থান কিছুটা ভিন্ন।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন